কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে সায়মন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২০ অক্টোবর) বিকেলে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
সি সেইফ লাইফগার্ড কর্মীদের সুপারভাইজার মো. ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সায়মন উখিয়া উপজেলার পালাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহ আলমের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসমান গণি বলেন, বিকেলে সৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্ট এলাকার সায়মনসহ তিন বন্ধু মিলে গোসল করতে নামেন। তারা তিনজনই টিউব নিয়ে গোসলে নেমেছিলেন। এক পর্যায়ে সায়মনের সঙ্গে থাকা টিউবটি ঢেউয়ের ধাক্কায় ছিটকে ভেসে যায়। এতে স্রোতের টানে সায়মন ভেসে যেতে থাকেন। এ সময় বন্ধুদের চিৎকারে স্থানীয় লাইফগার্ড কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খোঁজ নিলেও সায়মনের সন্ধান পাননি।
.png)
তিনি আরো বলেন, ঘটনার পর থেকে সৈকতের বিভিন্ন পয়েন্ট ও সাগরে উদ্ধার তৎপরতা চালালেও লাইফগার্ড কর্মীরা সায়মনের সন্ধান পাননি। পরে বিকেল সাড়ে ৫টার দিকে সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে কিছু একটা ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে লাইফগার্ডের একটি দল সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, নিহত যুবকের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।