ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবা-মাকে নির্যাতন, শিক্ষক ছেলে গ্রেফতার 

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২০, ২২ অক্টোবর ২০২৪
বাবা-মাকে নির্যাতন, শিক্ষক ছেলে গ্রেফতার 
অভিযুক্ত ছেলে মোখলেছুর রহমান -ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে জমি লিখে নিতে বাবা-মাকে শারীরিক নির্যাতনের অভিযোগে স্কুলশিক্ষক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ অক্টোবর) উপজেলার শ্রীনগর গ্রামের পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত ছেলে জাফরনগর প্রাইমারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলেছুর রহমান। অভিযোগকারী বাবা শ্রীনগর গ্রামের পূর্বপাড়া এলাকার মৃত আবুল হোসেন ভূঁইয়ার ছেলে ধন মিয়া।

থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রথম পক্ষের সন্তানদের মাধ্যমে জোরপূর্বক সম্পত্তি দখলের অপচেষ্টা বন্ধ করতে ও একাধিকবার নির্যাতনের বিচার এবং জীবনের নিরাপত্তা চেয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের শরণাপন্ন হয়েছিলেন শ্রীনগর গ্রামের পূর্বপাড়া এলাকার ধন মিয়া ও তার স্ত্রী রোকেয়া বেগম। পরে গত ১৯ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের আদালতে ছেলে লিটন (৫০), আবুল হোসেন (৪০), মোখলেছ (৩৫)-কে আসামি করে মামলা করেন নির্যাতিত বাবা ধন মিয়া। এ বিষয়ে ভৈরব থানায় ছেলেদের নামে ওয়ারেন্ট এলে মঙ্গলবার ছোট ছেলে মোখলেছুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, উপজেলার শ্রীনগর গ্রামের পূর্বপাড়া এলাকার মৃত আবুল হোসেন ভূঁইয়ার ছেলে ধন মিয়া। তার দুটি সংসার রয়েছে। দুই সংসারে ৭ জন ছেলে ও ৮ জন মেয়ে। ১২ বছর আগে বড় স্ত্রীর মৃত্যু হয়। বর্তমানে ধন মিয়া ছোট স্ত্রীকে নিয়েই সংসার করছেন। ২৫ বছর আগেই বড় স্ত্রীর সংসার আলাদা করে দেন ধন মিয়া। ওই সংসারে চার ছেলে ও চার মেয়ে রয়েছে। ছোট বউয়ের চার ছেলে ও তিন মেয়ে। বড় স্ত্রীর মৃত্যুর পর বাঁধে বিপত্তি। শুরু হয় সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে দুই পরিবারের মাঝে দ্বন্দ্ব।

জোরপূর্বক সম্পত্তি দখলের অপচেষ্টা বন্ধ করতে ও একাধিকবার নির্যাতনের বিচার এবং জীবনের নিরাপত্তা চেয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের শরণাপন্ন হলেও কোনো সমাধান পাচ্ছে বলে ভুক্তভোগী পরিবারটির দাবি।

বাবা ধন মিয়া অভিযোগ করে বলেন, আমি জমি বিক্রি করে বড় স্ত্রীর সন্তানদের প্রবাসে পাঠিয়েছি। তারা আমার কোনো খোঁজ রাখে না। বরং সম্পত্তি লিখে নিতে আমাকে কয়েক দফায় মারধর করেছে। আমি থানা পুলিশের আশ্রয় নিয়েছিলাম। সেখান থেকে সব মিটমাট করে দিলেও আমার প্রথম পরিবারের সন্তানেরা বিচার মানে না। আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। আমি ২৮ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি। আমি আমার ছেলের বিচার চাই।

অভিযুক্ত ছেলেদের দাবি, তাদের বাবার বয়স হয়েছে। তাই তার ছোট স্ত্রীর পরিবার বাবাকে জিম্মি করে তাদের সব সম্পত্তি লিখে নিয়েছে। তাদের অভিযোগ মিথ্যা। উল্টো বাবার ছোট স্ত্রীর সন্তানেরা তাদের মারধর করে। তারাও কিশোরগঞ্জ আদালতে এ বিষয়ে মামলা দায়ের করেছে।

ভৈরব থানার ওসি হাসমত উল্লাহ বলেন, বাবা-মাকে মারধরের অভিযোগে আদালতে মামলা হয়েছিল। মামলায় ওয়ারেন্ট হওয়ায় মোখলেছুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: ভৈরব
লিংক সফলভাবে কপি হয়েছে!