মানববন্ধনে সিলেটের সবকটি পাথর কোয়ারি খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রমিক ও ব্যবসায়ীরা।
বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টা থেকে জাফলং ব্যবসায়ী, শ্রমিক ও সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে স্থানীয় জাফলংয়ের মামার বাজার পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
.png)
সকাল থেকেই ব্যবসায়ী-শ্রমিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের ওপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও অচল পাথর কোয়ারি সচলের দাবিতে বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত ফেস্টুন, ব্যানার এবং প্ল্যাকার্ড নিয়ে মামার বাজার পয়েন্টে বিভিন্ন সংগঠনের লোকজন জড়ো হতে থাকেন।
মানববন্ধনে গোয়াইনঘাট উপজেলার অর্ধশত ব্যবসায়ী, শ্রমিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন।
জাফলং ব্যবসায়ী, শ্রমিক ও সামাজিক ঐক্য পরিষদের আহ্বায়ক আনোয়ার হোসেন খাঁন আনুর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল আলীমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম স্বপন, জেলা পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলাম শাহপরান, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা জানান, জাফলংসহ সব পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন, সংগ্রহ ও সরবরাহ করে অত্রাঞ্চলসহ দেশের কয়েক লক্ষাধিক মানুষ জীবিকা নির্বাহ করে থাকেন। এই পাথর কোয়ারি বন্ধ থাকায় শ্রমিক ও ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন। বেকার হয়ে পড়েছে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিক। বর্তমানে তারা অনাহার-অর্ধাহারে দিনযাপন করছেন। তাই শ্রমিকদের কথা বিবেচনা করে পরিবেশসম্মত ও সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারিগুলো খুলে দিয়ে লাখো মানুষের জীবন রক্ষার সুযোগ করে দিতে দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান।