ঢাকা-আরিচা মহাসড়কে পিকআপসহ গরু ডাকাতি
ঢাকা-আরিচা মহাসড়কে চালককে জিম্মি করে পিকআপসহ পাঁচটি গরু ডাকাতির অভিযোগ উঠেছে।
বুধবার (২৩ অক্টোবর) রাতে পিকআপ চালক খাইরুল সাভার মডেল থানায় এ অভিযোগ করেছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কে বিপিএটিসির সামনে এ ডাকাতির ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঁচটি গরু লোড করে চালকসহ চারজন একটি পিকআপে করে কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা হন। রাত ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে বিপিএটিসির সামনে পৌঁছালে অপর একটি পিকআপ এসে গরুর পিকআপের গতিরোধ করে। পরে ওই ডাকাতদের পিকআপ গাড়ি থেকে ১০-১৫ জন এসে গরুর পিকআপের চালককে জিম্মি করে পিকআপ ও গরু ডাকাতি করে।
.png)
গরু নিয়ে আসা পিকআপ চালক খাইরুল বলেন, আমি গরুবোঝাই পিকআপে নিয়ে কুমিল্লার দিকে যাচ্ছিলাম। এ সময় পথে ডাকাতরা পিকআপসহ গরু নিয়ে পালিয়ে যায়।
সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ডাকাতির অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।