ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতা ‘ফেন্সি কামাল’ গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি 
প্রকাশিত: ২১:৫৭, ২৫ অক্টোবর ২০২৪
যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতা ‘ফেন্সি কামাল’ গ্রেফতার
গ্রেফতারকৃত কামাল হোসেন

কুমিল্লার বুড়িচংয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে কামাল হোসেন নামের এক যুবদল নেতাকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয়ভাবে তিনি ‘ফেন্সি কামাল’ নামে পরিচিত বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে থানায় আগের দুটি মাদকের মামলা রয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, শুক্রবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের জগৎপুর এলাকা থেকে কামাল হোসেনকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক ব্যবসার ঘটনায় গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কামাল হোসেন বুড়িচং উপজেলার সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তার সঙ্গে একই ঘটনায় গ্রেফতারকৃত দুজন হলেন দেলোয়ার হোসেন ও সারদুল ইসলাম। তাদের কাছ থেকে ২১০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

Advertisement

ওসি আজিজুল হক বলেন, শুক্রবার ভোরে ২১০টি ইয়াবাসহ দেলোয়ার হোসেন ও সারদুল ইসলামকে গ্রেফতার করে যৌথবাহিনী। পরে জিজ্ঞাসাবাদে তারা জানান, কামাল হোসেনের কাছ থেকে ইয়াবাগুলো নিয়েছেন তারা। পরে যৌথবাহিনী তাকেও গ্রেফতার করে। স্থানীয় ব্যক্তিদের কাছে যুবদল নেতা কামাল হোসেন ফেন্সি কামাল নামে পরিচিত। তার বিরুদ্ধে থানায় আগেও দুটি মাদকের মামলা রয়েছে। শুক্রবারের ঘটনায় থানায় আরেকটি মাদকের মামলা হয়েছে।

স্থানীয় অন্তত তিন ব্যক্তি জানান, যুবদল নেতা কামাল হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছেন। এ জন্য তিনি ফেন্সি কামাল নামে পরিচিত।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!