ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈশ্বরদীতে রেলের স্লিপার পিন খুলতে গিয়ে যুবক আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৮, ২৫ অক্টোবর ২০২৪
ঈশ্বরদীতে রেলের স্লিপার পিন খুলতে গিয়ে যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে রেললাইনের স্লিপার পিন খুলতে গিয়ে সজিবুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার দিয়াড়বাঘইল গ্রামের সায়েনউদ্দিন মোড় সংলগ্ন রেললাইনের উপর থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে স্লিপার পিন খোলার সরঞ্জামাদি, কয়েকটি স্লিপার পিন ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে পুলিশ।

আটককৃত ঐ যুবক কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার নারায়নপুর গ্রামের মাহাতাব ইসলামের ছেলে। বর্তমানে তিনি উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগরে তার নানার বাড়িতে থাকেন বলে জানা গেছে।

Advertisement

স্থানীয়রা জানায়, বিকেল ৫টার দিকে ওই এলাকাটি জনশূন্য থাকার কারণে সজিবুলসহ তার আরো দুইজন সহযোগী রেললাইনের স্লিপার পিন খোলার চেষ্টা করছিলেন। এ সময় এলাকার কয়েকজন বিষয়টি দেখতে পায়। পরে তাদের সেখান থেকে চলে যেতে বললে হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে কোপানোর হুমকি দেন। এ সময় চিৎকার দিয়ে ডাকাডাকি করলে গ্রামের আরো কয়েকজন রেললাইনের উপর এলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে সজিবুলকে ধরতে সক্ষম হন। পরে রেলের লোকজন ও পুলিশকে খবর দিলে তারা ওই চোরকে আটক করে নিয়ে যান।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি মো. আবু সাঈদ বলেন, রেলের পিন খোলার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন ওই যুবক। পরে রেলের কর্মকর্তা ও পুলিশকে খবর দিলে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের বিরুদ্ধে নিয়মিত আইন অনুযায়ী মামলাসহ আইনি প্রক্রিয়া চলমান।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ঈশ্বরদী
লিংক সফলভাবে কপি হয়েছে!