ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুইদিন পর বাংলাদেশির মরদেহ হস্তান্তর করলো ভারত

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৪, ২৬ অক্টোবর ২০২৪
দুইদিন পর বাংলাদেশির মরদেহ হস্তান্তর করলো ভারত
বাংলাদেশির মরদেহ হস্তান্তর করলো ভারতের পুলিশ। ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণায় মৃত্যুর দুইদিন পর এক বাংলাদেশির মরদেহ হস্তান্তর করেছে ভারত। শনিবার দুপুরে জেলার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে মরদেহটি হস্তান্তর করে ভারতের পুলিশ। 

বিজয়পুরের বাংলাদেশ ভারত জিরো পয়েন্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে।

নিহত বাংলাদেশির নাম রিজাউল করিম। তিনি শেরপুর সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী।

Advertisement

দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নেত্রকোণা ৩১ বিজিবি জানায়, গত ২৪ অক্টোবর সন্ধ্যায় বিজিবির নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ মুন্সিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দীগলবাঘ এলাকার সীমান্ত পিলার ১১৩৮/৪-এস এর কাছে দিয়ে ৭ জন বাংলাদেশি নাগরিক কাঁটাতার হতে আনুমানিক ১০০-১৫০ গজ ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন।

এ সময় ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের দমদমা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে ৬ জন পালাতে সক্ষম হলেও ১ জন সেখানে একটি কালভার্ট হতে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে অচেতন হয়ে কালভার্টের পানিতে তলিয়ে যান। দ্রুত বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, বিষয়টি জানাজানির পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আলোচনার মাধ্যমে দুদিন পর রেজাউল করিমের মরদেহ হস্তান্তর করে ভারত।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, ভারতীয় পুলিশ রেজাউল করিম নামে এক বাংলাদেশের নাগরিকের আমাদের কাছে হস্তান্তর করেছে। এরইমধ্যে নিহতের স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। মরদেহ ভারতে একবার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে পুনরায় ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!