ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুলিয়ায় সংঘর্ষে আহত নারী শ্রমিকের মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৭, ২৭ অক্টোবর ২০২৪
আশুলিয়ায় সংঘর্ষে আহত নারী শ্রমিকের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ -ফাইল ফটো

সাভারের আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকাস্থ জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের শ্রমিক মোছা. চম্পা খাতুন মারা গেছেন। রোববার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

মোছা. চম্পা খাতুন রংপুরের পীরগঞ্জ থানার আমোদপুরের মো. বিটুল মিয়ার স্ত্রী। তিনি জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড ফ্যাক্টরিতে জুনিয়র অপারেটর পদে কর্মরত ছিলেন।

এর আগে, গত ২৩ অক্টোবর জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে ফ্যাক্টরির সামনে জড়ো হয়। পরবর্তীতে আশেপাশের ফ্যাক্টরির গেটে গোলযোগ সৃষ্টি হলে ৬টি ফ্যাক্টরি সেদিনের মতো সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এসময় জেনারেশন নেক্সট ফ্যাশনের কিছু শ্রমিক গোলযোগের উদ্দেশ্যে স্থানীয় বাংলাবাজারস্থ হামীম গ্রুপের ফ্যাক্টরি আর্টিস্টিক ডিজাইনের দিকে যেতে চাইলে দুপুর ১২টার দিকে পুলিশ তাদের বাধা দেয় এবং ৪ রাউন্ড টিয়ার গ্যাস ও ২ রাউন্ড সাউন্ড গ্রেনেড ফায়ার করে ছত্রভঙ্গ করে দেয়।

Advertisement

এসময় জেনারেশন নেক্সট ফ্যাশনের ৪ জন শ্রমিক টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেডের আঘাতে আহত হন। এরমধ্যে ২ জন নারী শ্রমিক মোর্শেদা ও চম্পা খাতুনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মোর্শেদা সুস্থ হয়ে বাসায় ফিরলেও চম্পা খাতুন মৃত্যুবরণ করেন।

এদিকে, গতকাল শিল্প পুলিশ-১ ও সেনা উপস্থিতিতে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের মালিক পক্ষ, শ্রমিক প্রতিনিধি, শিল্প পুলিশ, কলকারখানা অধিদফতর ও বিজিএমইএ প্রতিনিধি সমন্বয়ে শ্রমিকদের পাওনাদির বিষয়ে সমঝোতা হয়। আগামী ৫, ১৭ ও ২৮ নভেম্বর তিন ধাপে শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হবে বলে জানা যায়। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: আশুলিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!