ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ৪ সাংবাদিক গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৭, ২৮ অক্টোবর ২০২৪
ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ৪ সাংবাদিক গ্রেফতার
ছবিতে ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেক ইকবাল ওরফে রবিন পাটওয়ারী

লক্ষ্মীপুরে রামগঞ্জে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মোস্তফা তারেক ইকবাল ওরফে রবিন পাটওয়ারী নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় চার সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকালে রামনগঞ্জ থানার ওসি আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। ব্যাংক কর্মকর্তাকে হুমকি ও আত্মহত্যার প্ররোচনার মামলার তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফারকৃতরা হলেন- ইত্তেফাকের সাংবাদিক জাকির হোসেন মোস্তান, যায়যায়দিনের বেলায়েত হোসেন বাচ্চু, সমকালের জাকির হোসেন সুমন ও মানবকণ্ঠের শাখায়াত হোসেন জাহাঙ্গীর। চারজনই পত্রিকাগুলোর রামগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

Advertisement

এর আগে, রোববার বিকেলে রামগঞ্জ উপজেলা পরিষদের নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে লাফ দেন ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেক ইকবাল ওরফে রবিন পাটওয়ারী। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সোমবার সকালে নিহতের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে হুমকি, টাকা দাবি ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে চার সাংবাদিকের বিরুদ্ধে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এর আগে রাতেই তাদের চারজনকে আটক করে পুলিশ। পরে এ মামলায় চার সাংবাদিককে গ্রেফতার দেখায় পুলিশ।

মোস্তফা তারেক ইকবাল পল্লী সঞ্চয় ব্যাংকের রামগঞ্জ শাখায় জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার মোস্তফা কামালের ছেলে।

ব্যাংক কর্মকর্তার স্বজনেরা জানান, দীর্ঘদিন ধরে মোস্তফা তারেক ইকবাল ওরফে রবিন পাটওয়ারী পল্লী সঞ্চয় ব্যাংকে জুনিয়র অফিসার হিসেবে কর্মরত থাকা অবস্থায় অভিযুক্ত চার সাংবাদিক সংবাদ প্রকাশ করার হুমকি-ধমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিলেন। ঘটনার দিনও দাবিকৃত টাকার জন্য চাপ দেওয়া হয়। একপর্যায়ে তাদের চাপ সইতে না পেরে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। তাদের হুমকি-ধমকির কারণে এ ঘটনা ঘটেছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন নিহতের স্ত্রী।

এদিকে অন্যান্য ব্যাংক কর্মকর্তা ও স্বজনদের সঙ্গ কথা বলে জানা গেছে, গত এক বছর ধরে পল্লী সঞ্চয় ব্যাংকের রামগঞ্জ শাখার ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় তদন্ত চলছে। ওই ঘটনার তথ্য সংগ্রহের জন্য কয়েক দফা ব্যাংক ম্যানেজার রাহিমা বেগমের কাছে যান সাংবাদিকরা। কিন্তু এসব বিষয়ে সাংবাদিকদের কোনো তথ্য দেননি তিনি।

এদিকে এ বিষয় নিয়ে বেশ কয়েকবার ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেকের সঙ্গেও সাংবাদিকদের কথা হয়। সবশেষ রোববার দুপুরে সাংবাদিকরা আবারও ওই ব্যাংকে যান। কিন্তু রাহিমা বেগম ট্রেনিংয়ে থাকায় দায়িত্বে ছিলেন মোস্তফা তারেক ইকবাল। এ সময় টাকা আত্মসাতের বিষয়ে জানতে চাওয়ার একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে মোস্তফা তারেক ইকবালের কথা কাটাকাটি হয়। এরপর ব্যাংক থেকে সাংবাদিকরা চলে যান। কিছুক্ষণ পর ব্যাংক থেকে ওই কর্মকতা বের হয়ে উপজেলা নির্মাণাধীন ভবনের ছাদে উঠে লাফিয়ে আত্মহত্যা করেন।

ব্যাংক কর্মকর্তার স্ত্রী শারমিন আক্তার ও মা সুফিয়া কামাল অভিযোগ করেন, এ ঘটনার সঙ্গে ব্যাংক ম্যানেজার রহিমা বেগমও জড়িত।

রামগঞ্জ থানার ওসি মো. আবুল বাসার বলেন, হুমকি-ধামকি ও আত্মহত্যার প্ররোচনার মামলায় চার সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। এর আগে সকালে নিহতের স্ত্রী ওই চার সাংবাদিকের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হুমকি-ধমকির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!