স্ত্রীকে ভিডিও কলে রেখে পৃথিবী ছাড়লেন রাব্বি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় স্ত্রীকে ভিডিও কলে রেখে রাব্বি মিয়া নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত থাকা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত রাব্বি মিয়া চাঁদপুরের মতলব এলাকার মকবুল প্রধানের ছেলে।
জানা গেছে, ছয়মাস ধরে রূপগঞ্জের বলাইখা গ্রামের মোঘল মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন রাব্বি মিয়া। বুধবার সকাল ১১টার দিকে স্ত্রীর সঙ্গে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলেন রাব্বি। এ সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে স্ত্রীকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস দেন রাব্বি। বিকেলে চাঁদপুর থেকে নিহতের স্ত্রীসহ লোকজন এসে ওই ভাড়া বাসায় ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে সন্ধ্যার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
.png)
নিহত রাব্বির স্ত্রী ইভা আক্তার জানান, বুধবার সকাল ১১টার দিকে ভিডিও কলে শেষ কথা হয়। ভিডিও কলে থাকাবস্থায় রাব্বি ঘরের ফ্যানের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দেয়। অনেক অনুরোধ করলেও সে তার কথা কর্ণপাত করেনি। পরে তারা পরিবার নিয়ে ঘটনাস্থলে আসেন।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়।