বেড়াতে গিয়ে নিখোঁজ সেই দম্পতিকে পাওয়া গেল চট্টগ্রামে
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের পশ্চিম মনসুর এলাকার বাসিন্দা সালাম আহমদ স্ত্রীসহ নিখোঁজ হওয়ার ছয়দিন পর চট্টগ্রামের বাঁশখালী থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তাদের খোঁজ পায় পুলিশ। খোঁজ পেয়ে পুলিশ পরিবারকে জানালে তাদের নিয়ে আসার জন্য আত্মীয়রা চট্টগ্রামে যান।
পুলিশ জানায়, বৃহস্পতিবার খোঁজ পাওয়ার পর সালাম আহমদের পরিবার চট্টগ্রামের বাঁশখালী যায়। বিকেলের দিকে তার পরিবারসহ তারা কুলাউড়ার উদ্দেশ্যে রওনা হন। তবে, কি কারণে তারা এতো দিন নিখোঁজ ছিলেন এবং কোথায় ছিলেন তা জানা যায়নি। তারা সেখানে কিভাবে গিয়েছেন, তাদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত তথ্য জানা যাবে বলে জানায় পুলিশ।
কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ দম্পতিকে খুঁজে পাওয়ার পর বাঁশখালী পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, গত শুক্রবার কুষ্টিয়ায় আত্মীয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে বের হয়ে স্ত্রীসহ নিখোঁজ হন সালাম আহমদ। পরদিন শনিবার দুপুর পর্যন্ত তার ব্যবহৃত মোবাইল ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ হয়। কিন্তু দুপুরের পর থেকেই সালামের মোবাইলটি বন্ধ পাওয়া যায়। কুষ্টিয়ায় যে আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা সেখানেও যায়নি। সম্ভাব্য সব স্থানে খোঁজ খবর করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের বিষয়ে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।
.png)