ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দীর্ঘ ৮২ দিন বন্ধ থাকার পর সুনামগঞ্জে চালু হলো গ্যাস পাম্প

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪০, ৬ নভেম্বর ২০২৪
দীর্ঘ ৮২ দিন বন্ধ থাকার পর সুনামগঞ্জে চালু হলো গ্যাস পাম্প
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৮২ দিন পর চালু হলো সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুরের সিনথিয়া-সিএনজি ফিলিং স্টেশন গ্যাস পাম্প। এর আগে ২ কোটি ৩৭ লাখ টাকা বিল বকেয়া থাকায় গত ১৪ আগস্ট স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বকেয়া বিল পরিশোধ করায় গত সোমবার লাইন পুনঃসংযোগ করে দেয় জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে কার্যক্রম শুরু করে সিনথিয়া-সিএনজি ফিলিং স্টেশন গ্যাস পাম্প কর্তৃপক্ষ। এদিকে, গ্যাস পাম্প সচল হওয়ায় স্বস্তি ফিরে পেয়েছেন চালকরা।

প্রাইভেটকার চালক খুরশিদ আলম বলেন, সিনথিয়া সিএনজি গ্যাস পাম্প বন্ধ থাকায় অনেক দুর্ভোগের শিকার হয়েছি। অন্য পাম্প থেকে অনেক কষ্ট করে গ্যাস নেয়া লাগতো। পাম্পে দীর্ঘক্ষণ লাইনে থাকার কারণে অনেক সময় যাত্রী পাওয়া যেতো না। এখন পাম্প চালু হওয়ায় অনেকটা কষ্ট কমে গেছে।

Advertisement

ডলুরা গ্রামের বাসিন্দা সিএনজিচালক মুক্তার হোসেন বলেন, ‘আগে এমনও হইছে (হয়েছে)- সারারাত গ্যাস পাম্পে অপেক্ষা করেও গ্যাস নিতে পারি নাই। কোনো সময় পাঁচ-সাত ঘণ্টা বসে থেকে অল্প প্রেসারে গ্যাস নিতে হয়েছে। এই পাম্প চালু হওয়ার আগে অন্য আরেকটি পাম্পে রাত ১০টায় সিরিয়ালে দাঁড়িয়ে ভোর ৪টায় গ্যাস নিয়ে বাড়িতে গেছি।

বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুরের এলাকার বাসিন্দা সিএনজিচালক ওমর ফারুক বলেন, এই গ্যাস পাম্প বন্ধ থাকায় অন্য পাম্পে লম্বা সিরিয়াল লেগে যেতো। এখানে এসে আজকে ১৫ মিনিটে গ্যাস নিতে পেরেছি। এর আগে গ্যাস নিতে সারাদিন চলে যেতো। ৪ ঘণ্টার নিচে কখনো গ্যাস নেয়া যায়নি। এখন শহরের দুইটি পাম্প চালু থাকায় আমাদের অনেক সুবিধা হয়েছে।

সিনথিয়া পাম্পের জেনারেল ম্যানাজার কাজল চন্দ্র দে বলেন, বকেয়া বিল থাকার কারণে ১৪ আগস্ট লাইন বিচ্ছিন্ন হয়। আমাদেরকে না জানিয়েই তারা লাইন বিচ্ছিন্ন করেন। পরে আমরা হাইকোর্টের শরণাপন্ন হই। হাইকোর্ট আমাদেরকে ১৫০% টাকা জমা দিয়ে ১০ কিস্তিতে বাকি টাকা পরিশোধ করার সুযোগ দেন। পরে সোমবার বিকেল ৪টার দিকে লাইন সংযোগ দেওয়া হয়। মঙ্গলবার থেকে পাম্পের কার্যক্রম চালু করি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!