নরসিংদীতে অবৈধ ভারতীয় প্রসাধনীসহ আটক ২
নরসিংদীর শিবপুরে শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধ ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন পণ্যবোঝাই একটি কাভার্ডভ্যানসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৬ নভেম্বর) রাত ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকায় একটি কাভার্ডভ্যান থেকে এসব কসমেটিকস জব্দ করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি এস এম কামরুজ্জামান। আটককৃতরা হলেন- বরগুনার ইদ্রিস খানের ছেলে ভ্যানচালক জসিম ও বাগেরহাটের স্মরণখোলা এলাকার আব্দুল হলিমের ছেলে মুকুল মিয়া।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি এস এম কামরুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান ধাওয়ার পর ঘাসিরদিয়া এলাকায় আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনীসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় শ্যাম্পু ও সাবানসহ বিভিন্ন ধরনের এসব কসমেটিকস পাচার করা হচ্ছিল।
তিনি আরো জানান, কাভার্ডভ্যানসহ দুজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সরকারি শুল্ক ফাঁকি আইনে মামলার প্রস্তুতি চলছে।