ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি, সেই যুবক গ্রেফতার

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৫, ১২ নভেম্বর ২০২৪
পাবনায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি, সেই যুবক গ্রেফতার
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

পাবনার চাটমোহরে প্রশান্ত কুমার সাহা (২৫) নামে এক হিন্দু যুবক ফেসবুকে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এরই মধ্যে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে প্রশান্ত কুমারকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে, একইদিন রাত ১০টার দিকে তৌহিদি জনতার পক্ষ হতে মুফতি মো. আলামিন (হান্ডিয়াল ইউনিয়ন খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক) বাদী হয়ে চাটমোহর থানায় মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত প্রশান্ত কুমার সাহা উপজেলার বল্লভপুর গ্রামের শ্রী কালা সরকারের ছেলে। মঙ্গলবার সকালে তাকে চাটমোহর থানা হতে আদালতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

জানা গেছে, প্রশান্ত কুমার বিভিন্ন সময়ে তার ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করে আসছিলেন। গত শনিবার (৯ নভেম্বর) বিষয়টি এলাকাবাসীর দৃষ্টিগোচর হলে মুসলিম জনতা প্রশান্তকে আটকের দাবিতে রাতে হান্ডিয়াল উচ্চবিদ্যালয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে হান্ডিয়াল উচ্চবিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

এ সময় বিক্ষোভকারীরা ইসলাম ধর্ম আবমাননা ও মহানবী (সা.) কে কটূক্তির তীব্র প্রতিবাদ জানান এবং অভিযুক্ত প্রশান্তর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। অন্যথায় পরবর্তী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। এ সময় ভীতিকর পরিবেশ সৃষ্টি হলে বাজারের হিন্দু ধর্মাবলম্বীরা দোকান পাট বন্ধ করে ফেলেন। এ খবর পেয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম ও ওসি মঞ্জুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।  

ওসি মঞ্জুরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান এলাকাবাসীকে শান্ত থাকার নির্দেশ দিলেও রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলাকাবাসী ও বিক্ষুব্ধ জনতা ফের বিক্ষোভ মিছিল বের করেন। এ মিছিল থেকে কিছু জনতা বল্লভপুর গ্রামের মহাদেব মন্দির ঘর ও দুটি প্রতিমা ভাঙচুর করেন। প্রতিমা ভাঙচুরের দায়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বিক্ষুব্ধ জনতা হান্ডিয়াল পুলিশ ফাঁড়ি ঘিরে রাখেন। চাটমোহর থানা পুলিশ, এএসপি (চাটমোহর সার্কেল), উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী, ডিবি পুলিশসহ প্রশাসনিক অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ইউএনও রেদুয়ানুল হালিম জানান, প্রশাসনিক কর্মকর্তারা এলাকাবাসীকে বিক্ষোভ মিছিল করতে নিষেধ করা সত্ত্বেও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে চাটমোহর থানা সূত্রে জানা যায়, ওই ঘটনায় গতকাল রাতে মুফতি মো. আলামিন নামের একজন বাদী হয়ে চাটমোহর থানায় মামলাটি দায়ের করেন। সেই মামলায় রাতেই পাবনা শহরের টার্মিনাল বাইপাস এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত প্রশান্ত কুমার সাহাকে গ্রেফতার করা হয়। আজ সকাল ১০টার দিকে তাকে চাটমোহর থানা হতে আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!