ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যৌথবাহিনীর ওপর হামলা: যুবলীগ নেতা সুমন গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৫, ১২ নভেম্বর ২০২৪
যৌথবাহিনীর ওপর হামলা: যুবলীগ নেতা সুমন গ্রেফতার
যৌথবাহিনীর ওপর হামলার ঘটনায় সুমন চৌধুরী নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার হাজারি গলি এলাকায় যৌথবাহিনীর ওপর হামলার ঘটনায় সুমন চৌধুরী নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) গভীর রাতে কোতোয়ালি থানার লাভ লেন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যৌথবাহিনীর টাস্কফোর্স-৪ এর সদস্য মেজর রিজওয়ান।

গ্রেফতারকৃত সুমন চৌধুরী চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

Advertisement

যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, এসিড নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন পরিকল্পনাকারী হিসেবে সুমন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তিনি গত ৪ ও ৫ আগস্ট চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যার উদ্দেশে হামলার ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের হওয়া এক মামলার আসামি। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর রাতে যৌথবাহিনীর ওপর এ হামলার ঘটনা ঘটে। ইসকনকে নিয়ে দেওয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাজারি গলি এলাকায় ওসমান আলী নামে এক ব্যবসায়ীর দোকানে হামলা এবং তাকে অবরুদ্ধ করে রাখে আনুমানিক ৫০০ থেকে ৬০০ দুষ্কৃতিকারী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করলে যৌথবাহিনীর সদস্যদের ওপর এসিড ও ইটপাটকেল হামলা চালায় দুষ্কৃতিকারীরা। হামলায় পাঁচ সেনাসদস্য ও নয় পুলিশ সদস্য আহত হন। পুলিশের সদস্যদের মধ্যে একজন এসিড দগ্ধ হন।

এ ঘটনায় কোতোয়ালি থানায় হওয়া মামলায় ৪৯ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। মামলাটিতে অজ্ঞাত পরিচয়ের আরো ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!