ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অরক্ষিত সেপটিক ট্যাংকে প্রাণ গেল ছোট্ট আরিয়ানের

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫১, ১২ নভেম্বর ২০২৪
অরক্ষিত সেপটিক ট্যাংকে প্রাণ গেল ছোট্ট আরিয়ানের
ছবিতে আরিয়ান সরকার

গাজীপুরের শ্রীপুরে বড় বোনের সঙ্গে কানামাছি খেলার সময় বসতবাড়ির পাশে থাকা এক প্রতিবেশীর অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে ৬ বছরের শিশু আরিয়ান সরকারের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১২ নভেম্বর) উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে কফিল উদ্দিনের ভাড়া বাসার অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার ১ মাস আগেও একই সেপটিক ট্যাংকে পড়ে আহত হয় ৭ বছরের শিশু হৃদয়। 

নিহত আরিয়ান সরকার (৬) উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের জয়নাল আবদিন মেম্বারের ছোট ছেলে এবং স্থানীয় এইচ এ কে কিন্ডার গার্ডেনের প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল। 

Advertisement

নিহত শিশুর বড় বোন পুতুল বলেন, আমি এবং ভাই আরিয়ান মিলে কানামাছি খেলছিলাম। এ সময় হঠাৎ করে আরিয়ানকে খুঁজে পাচ্ছিলাম না। এরপর মাকে বিষয়টি জানালে তিনিও খুঁজতে থাকেন। পাশের বাড়ির খোলা সেফটি ট্যাংকে একটি জুতা ভাসতে দেখে আম্মু আশপাশের মানুষকে ডেকে আনেন।

নিহত শিশুর মা আনোয়ারা খাতুন বলেন, আমার দুই ছেলেমেয়ে কানামাছি খেলছিল। হঠাৎ করে আমার মেয়ে পুতুল ডেকে জানায় আমার শিশুপুত্র আরিয়ানকে খুঁজে পাচ্ছে না। এরপর আমি আশপাশে খুঁজতে থাকি। একপর্যায়ে পাশের বাড়ির অরক্ষিত সেপটিক ট্যাংকে আমার শিশুপুত্রের জুতা দেখতে পেয়ে সন্দেহ হয়। আশপাশের লোকজনকে ডেকে এনে একজনকে সেপটিক ট্যাংকে নামাই। এরপর ট্যাংক থেকে আমার ছেলেকে মৃত অবস্থায় তুলে আনে। 

নিহত শিশুর বাবা সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন বলেন, গত একমাস আগেও হৃদয় নামের সাত বছরের এক শিশু পড়ে যায়। এরপর স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। আমরা একাধিকবার জানালেও বাড়ির মালিক কফিল উদ্দিন অরক্ষিত সেপটিক ট্যাংকির বিষয়ে পদক্ষেপ নেয়নি। আমি এই পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচারের দাবি জানাচ্ছি। 

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, শিশু মৃত্যুর খবর পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!