এবার ছোট্ট সাদিয়াকে শ্বাসরোধে হত্যা, জানা গেল কারণ
যশোরের ঝিকরগাছায় কানে থাকা সোনার দুল ছিনিয়ে নিতেই সাদিয়া খাতুন (৭) নামে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে ফুফু চম্পা খাতুনের বিরুদ্ধে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমড়া গ্রামে জনৈক হারুনের বাঁশবাগানের ভেতর এ ঘটনা ঘটে। আটককৃত একই এলাকার মাদকসেবী চম্পা খাতুন নিহতের দূরসম্পর্কের ফুফু। নিহত সাদিয়া মাটিকুমড়া গ্রামের মোহাম্মদ বাবুর মেয়ে।
নিহতের পরিবার জানায়, সাদিয়া স্থানীয় একটি মাদরাসায় লেখাপড়া করতো। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে মাদরাসা থেকে বাড়ি ফেরে। এ সময় সাদিয়ার সম্পর্কে ফুফু চম্পা খাতুনের (মাদকসেবীর) সঙ্গে তার দেখা হয়। কথা বলতে বলতে চম্পা এবং সাদিয়া বাঁশবাগানের দিকে যাচ্ছিল। এরপর থেকে মেয়েটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। যশোর জেনারেল হাসপাতালেও তার খোঁজ নেয়া হয়েছে। রাতে খুঁজতে খুঁজতে হারুনের বাঁশবাগানে সাদিয়ার লাশ দেখতে পায়।
.png)
ঝিকরগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবু সাইদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ। গায়ের গেঞ্জি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, শিশুটির কানে একটি সোনার দুল ছিল। মাদকসেবী চম্পা ওই কানের দুল নেয়ার জন্য তাকে হত্যা করে থাকতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য চম্পা খাতুনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।