ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত ঠাকুরগাঁওয়ের কয়েক হাজার পরিবার

এম এ সামাদ, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৬:৩৬, ১৩ নভেম্বর ২০২৪
অনলাইন জুয়ায় সর্বস্বান্ত ঠাকুরগাঁওয়ের কয়েক হাজার পরিবার
অনলাইন ক্যাসিনো জুয়ার ডিলার হেমন্ত সেন ও তার স্ত্রী মিনাক্ষী সেন। ছবি: সংগৃহীত

গ্রামের সবাই ‘খায়রুন সুন্দরী’ নামে ডাকে উম্মে হুমাইরা সাইমাকে। এখনো চার বছর বয়স পূর্ণ হয়নি তার। বয়সে পূর্ণ না হলেও স্বজন হারানোর অভিজ্ঞতায় পরিপূর্ণ সাইমা। বাবা শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে মারা গেছেন। কিছুদিন পরে অন্যত্র বিয়ে করেছেন তার মা। বাবা-মা হারিয়ে এখন দাদির কাছে মানুষ হচ্ছে সাইমা।

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামে দাদা শাহার আলী ও দাদি সাহেরা খাতুনের সঙ্গে বেড়ে উঠছে সাইমা। বাবা শফিকুল ইসলাম পেশায় ছিলেন অটো মেকানিক। সেই আয়ে বেশ স্বাচ্ছন্দ্যে চলতো পরিবারের ভরণপোষণ। পরে অর্থের লোভে অনলাইন জুয়ার (ক্যাসিনো) ফাঁদে পড়ে হারিয়েছেন সব পুঁজি। সর্বস্ব হারিয়ে করেছেন পাঁচ লক্ষাধিক টাকা ঋণ। ঋণের বোঝা সইতে না পেরে নিজের শরীরে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে মারা গেছেন তিনি।

ঠাকুরগাঁওয়ে এভাবেই অনলাইন জুয়ায় আসক্ত হয়ে সর্বস্বান্ত হয়েছে কয়েক হাজার পরিবার। অর্থের লোভে পড়ে আসক্ত হচ্ছেন শিক্ষক, চিকিৎসক, দোকানিসহ শিক্ষার্থী ও তরুণরা। জুয়ার নেশায় বুঁদ হয়ে সর্বস্ব হারাতে বসেছেন তাদের অনেকে। এতে বেড়েছে পারিবারিক অশান্তি ও দাম্পত্য কলহ। এ সুযোগে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন অনলাইন জুয়া চক্রের ডিলাররা। শত টাকার মালিক থেকে হয়েছেন লাখ লাখ টাকার মালিক। চক্রের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে তরুণ ও যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর।

Advertisement

অনলাইন জুয়ার ডিলারদের লোভনীয় অফারে আকৃষ্ট হয়ে সর্বস্ব হারাতে বসেছেন সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ, বোর্ড অফিস, সোনাহার, সেনপাড়াসহ কয়েকটি গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রত্যেকটি পরিবার থেকে এই খেলায় যুক্ত হয়ে পথে বসেছে অনেক পরিবার। গ্রামগুলো যেন অনলাইন জুয়ার রাজধানীতে পরিণত হয়েছে। একাধিক ডিলারদের তত্ত্বাবধানে এ নেশায় আকৃষ্ট হয়েছেন গ্রামের সাধারণ মানুষ। যার ফলে পারিবারিকভাবে অশান্তি, বিবাহ বিচ্ছেদ, কলহসহ পড়াশোনায় বিমুখ হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। অনলাইন জুয়ার ভয়াল এই গ্রাস থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ মানুষ।

একদিকে অনলাইন জুয়ার নেশায় সাধারণ মানুষ সর্বস্বান্ত হলেও আঙুল ফুলে কলাগাছ হয়েছেন জুয়া চক্রের ডিলাররা। আউলিয়াপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের হেমন্ত সেন। দর্জি বিজ্ঞানের প্রশিক্ষক হিসেবে কাজ করছেন তিনি। কয়েক বছর আগেও পরিবারের খরচ চালাতে হিমশিম খেতেন তিনি। নিয়তির ঘুরপাকে অনলাইন জুয়ার ডিলার হয়ে পেয়েছেন আলাদিনের আশ্চর্য চেরাগ। দুই লাখ টাকার মোবাইল সেট ও দাদি ল্যাপটপ, চলাফেরা করেন চার লাখ টাকার মোটরসাইকেলে আর গ্রামে করেছেন দৃষ্টি জুড়ানো ফ্ল্যাট বাড়ি। কিছুদিন আগেও যাদের ‘নুন আন্তে পান্তা ফুরাতো’ তাদের এমন উত্থানে হতভম্ব এলাকার মানুষ।

হেমন্ত সেনের বাসায় গেলে তার স্ত্রী মিনাক্ষী সেন সাংবাদিকের ওপর তেড়ে আসেনাম প্রকাশে অনিচ্ছুক অনলাইন জুয়া খেলার সঙ্গে জড়িত একজন বলেন, অনলাইনে সহজেই এখন এই খেলাগুলো খেলা যায়। জুয়ার ডিলারের সঙ্গে যোগাযোগ করে খেলায় একাউন্ট করতে হয়। পরে ডিলারের মাধ্যমেই টাকা তোলা যায় ও খেলায় টাকা লাগানো হয়। অনলাইন জুয়া খেলার অনেকগুলো সাইট আছে। একাউন্ট করে বিকাশ, নগদের মাধ্যমে টাকা নিয়ে খেলায় টাকা লাগাতে হয়। লাভ হলে আবার বিকাশ, নগদ এজেন্ট এর মাধ্যমে টাকা তুলতে হয়। তবে এ খেলায় যারা ডিলার তারাই লাভবান হয়। সাধারণ যারা খেলে তারা প্রথমে লাভের লোভে পরে সর্বস্বান্ত হয়।

তিনি আরো বলেন, এই এলাকায় যারা ডিলার রয়েছেন তারা এখন সবাই লাখোপতি। তারা আইনের ধরাছোঁয়ার বাইরে। এই এলাকায় অনেকগুলো ডিলার রয়েছে অনলাইন জুয়ার। যেমন- কচুবাড়ি এলাকার তাপস চন্দ্র রায়, সাশলা মাদ্রাসা এলাকার বাদশা, মামুন, সোহেল, কচুবাড়ি দাঙ্গা পাড়া এলাকার বিকাশ রায়, রাসেল, শামিম, রোমানীসহ প্রায় শতাধিক। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি রেকর্ড রুমের বড়বাবু খ্যাত প্রধান উচ্চমান সহকারী সাইফুল ইসলাম এই খেলার সঙ্গে জড়িত।

জুয়া খেলেন ও ডিলার ছিল এমন আরেকজন জানান, ডিলারদের কাছে অনলাইন ব্যাংকিংয়ের এজেন্ট সিম থাকে। সেই সিম থেকে টাকা লেনদেন হয়। প্রতিদিন এসব সিমে লাখ লাখ টাকা লেনদেন হয়। অনলাইন ব্যাকিং এর যেসব ডিলার রয়েছে তারা এসব কিছু জানে। তাদের কাছে এসব এজেন্ট সিম ভাড়া হিসেবে নিয়ে চালায় জুয়ার ডিলাররা। টাকা লেনদেন হলে ডিলারের লাভ হয়। তবে সাধারণ জুয়া খেলোয়ার লাভ করতে পারে না। প্রথমে খেলায় লাভের লোভ দেখানো হয়। সেই লোভে পরেই জুয়া খেলোয়ারেরা ঝাঁপিয়ে পড়ে। আর মোবাইল দিয়ে খেলতে হয় তাই যেখানে ইচ্ছা খেলা যায়।

সদর উপজেলা বোর্ড অফিস এলাকার নুর ইসলাম বলেন, আমাদের এলাকার কমবেশি অনেকেই এই খেলার সঙ্গে জড়িত। সন্ধ্যার পরে যেখানে সেখানে কয়েকজন বসে এই জুয়া খেলার আসর বসায়। তবে তারা মোবাইলে খেলে সেজন্য কেউ তাদের ধরতে পারে না। এই এলাকার অনেকেই আজ সর্বস্বান্ত হয়ে গেছে জুয়া খেলে। প্রশাসনও তেমন প্রদক্ষেপ না নেয়ায় দিন দিন জুয়া খেলা বৃদ্ধি পাচ্ছে। আর যারা জুয়া খেলার ডিলার রয়েছে তারা তো হঠাৎ আলাদিনের চেরাগ পাওয়ার মতোই অবস্থা। তবে দ্রুত ব্যবস্থা না নিলে মানুষ আরো বেশি ধ্বংস হয়ে যাবে।

গোপন সূত্র বলছে, অনলাইন জুয়া চক্রের ডিলারদের সঙ্গে যোগসাজশ রয়েছে অনলাইন মোবাইল ব্যাংকিংয়ের ডিস্ট্রিবিউটর ও সেলস অফিসারদের। দোকান না থেকেও এজেন্ট সিম দেওয়া, দৈনিক ও মাসিক ভাড়া নেয়া ও ডিলারদের কাছে মাসোহারা নিয়ে থাকেন তারা।

ওই এলাকার বিকাশ, নগদ, ফেক্সিলোড ব্যবসায়ী রশিদুল ইসলাম বলেন, আমাদের এখানে বড় ব্যবসা না থাকায় তেমন লেনদেন হয় না। তবে যে এজেন্ট সিমগুলো অনলাইন জুয়ায় ব্যবহার হয় সেগুলোতে দিনে লাখ টাকা লেনদেন হয়। তাই এই বিকাশ, নগদ ডিলাররা এজেন্ট সিমগুলো অনলাইন জুয়ার ডিলারদের না দিলে তারা সেভাবে লেনদেন করে খেলা পরিচালনা করতে পারবে না।

অনলাইন জুয়ার ডিলার অভিযোগে হেমন্ত সেনের খোঁজে তার বাড়িতে গেলে তাকে খুঁজে পাওয়া যায়নি। তার স্ত্রী মিনাক্ষী সেনের কাছে মোবাইল নম্বর চাইতে গেলে রেগে উঠেন তিনি। প্রতিবেদকের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা ও প্রতিবেদন হলে মামলারও হুমকি দেন মিনাক্ষী সেন।

এলাকার অনলাইন জুয়া চক্রের অন্যতম ডিলার হেমন্ত সেন। তার মাধ্যমেই বিস্তার হয়েছে এ সর্বনাশী নেশা। নগদ ও বিকাশের এজেন্ট সিম ব্যবহার করে লাখ লাখ টাকার মালিক হেমন্ত। তবে আগে অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত থাকলেও এখন অনলাইন খেলেন না বলে দাবি হেমন্তের মা যাত্রী রাণী সেনের।

অনলাইন জুয়ায় মোবাইল ব্যাংকিংয়ের সিম ব্যবহার হয় এমন অভিযোগে অনলাইন মোবাইল ব্যাংকিংয়ের জেলার ডিস্ট্রিবিউটর ও কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফায় কথা বলার চেষ্টা করলেও প্রধান দফতরের অজুহাতে কথা বলতে রাজি হননি তারা।

ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম) বলেন, মানুষকে সর্বগ্রাস করে ফেলে জুয়া। অনলাইন জুয়ার তেমন কোনো আইন নেই। সাধারণ জুয়ার আইনে তাদের আটক করতে হয়। সেজন্য অপরাধ অনেক বড় হলেও সহজেই পার পেয়ে যায় অপরাধীরা। এছাড়াও অনলাইন জুয়া খেলা হয় মোবাইলে। সেজন্য সহজেই জুয়াড়িদের ধরাও যায় না। এ চক্রের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেয়ার কথাও জানালেন নবাগত পুলিশ সুপার।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!