ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিকলে বাঁধা টিউবওয়েল!

কাজী মফিকুল ইসলাম, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: ১৬:৫৪, ১৪ নভেম্বর ২০২৪
শিকলে বাঁধা টিউবওয়েল!
শিকলে বাঁধা টিউবওয়েল থেকে পানি পান করছে শিক্ষার্থীরা -ছবি: ডেইলি বাংলাদেশ

‘শিকলে বাঁধা জীবন’- এমন শিরোনামে মাঝে মধ্যে খবরের কাগজে সংবাদ প্রকাশ হতে দেখা যায়। মানুষের শরীরে লোহার শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে রাখার ছবি ও দেখা যায়। কিন্তু টিউবওয়েলে শিকল দিয়ে বেঁধে তালাবদ্ধ করে রাখা কম দেখা মেলে। তবে এবার এমন দৃশ্য দেখা গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

চুরির হাত থেকে রক্ষা পেতে টিউবওয়েলটিকে শিকলে বেঁধে তালা দিয়ে রাখা হয়েছে। এই বিদ্যালয় থেকে এ পর্যন্ত ৩টি টিউবওয়েল চুরি হওয়ায় এই অভিনব উদ্যোগ নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা গেছে, দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মেইন রাস্তার কাছে অবস্থিত। এই বিদ্যালয়ে প্রায় ৩৮০ জন শিক্ষার্থী রয়েছে। গত কয়েক বছরে এই বিদ্যালয় থেকে ৩টি টিউবওয়েল চুরি হয়েছে। গত প্রায় ২২ দিন আগে সর্বশেষ আরো একটি টিউবওয়েল চুরি হয়। ফলে বিদ্যালয়ে টিউবওয়েল না থাকায় পানির জন্য শিক্ষক-শিক্ষার্থীদের অনেক কষ্ট করতে হয়েছে। এ অবস্থায় দেবগ্রাম এলাকার কৃতি সন্তান সুমন খান নামে এক প্রবাসী তাদের এ কষ্ট দেখে নিজ উদ্যোগে একটি টিউবওয়েল স্থাপন করেন। এরপর চুরির হাত থেকে রক্ষা পেতে টিউবওয়েলকে শিকল দিয়ে বেঁধে তালাবদ্ধ করে রাখা হয়।

Advertisement

শিক্ষার্থী রোজিনা আক্তার ও শিপন বলেন, টিউবওয়েল চুরি হওয়ায় বিদ্যালয়ে আমাদের পানির জন্য কষ্ট করতে হয়েছে। অন্যের বাড়ি থেকে পানি এনে তৃষ্ণা মেটাতে হয়। এখন টিউবওয়েল স্থাপন করায় আমরা খুবই খুশি।

দেবগ্রাম এলাকার বাসিন্দা মো. মাহফুজ মিয়া বলেন, গত কয়েক মাস ধরে এলাকায় চুরিসহ অপরাধ বেড়েছে। সেইসঙ্গে এলাকায় অপরিচিত লোকজনের আনাগোনা বেড়েছে। বাড়িঘরে প্রায়ই চুরি হচ্ছে। কোনো জিনিস রাখা যাচ্ছে না। বিদ্যালয়ের টিউবওয়েলটি চুরি করে নিয়ে যাওয়া খুবই দুঃখজনক। আমার মনে হয় মাদকসেবীরা এই চুরির সঙ্গে জড়িত। নেশার টাকা জোগাড় করতে এ চুরি করেছে।

দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. সেকের মিয়া বলেন, এ বিদ্যালয়টি হলো একটি আদর্শ বিদ্যালয়। গত মাসে পূজা উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকায় রাতের আঁধারে কোনো একসময় টিউবওয়েলটি চোর চক্র চুরি করে নিয়ে যায়। সন্ধান পেতে অনেক জায়গায় খোঁজ-খবর নেয়া হয়। একপর্যায় থানায় মৌখিকভাবে জানানো হয়েছে।

তিনি আরো বলেন, বিদ্যালয় থেকে টিউবওয়েলটি চুরি হওয়ায় পর থেকে পানির জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। গ্রামের এক প্রবাসী টিউবওয়েল স্থাপন করে দেওয়ায় আমাদের কষ্ট দ‍ূর হয়েছে। টিউবওয়েলটি চোরের হাত থেকে রক্ষা পেতে শিকল দিয়ে বেঁধে তালাবদ্ধ করে রাখা হয়েছে। এতে পানি তোলার ক্ষেত্রে কোনো সমস্যা হয় ন‍া।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!