বান্দরবানে চালু হলো ছাদখোলা বাস
পাহাড়ে ভ্রমণে প্রাকৃতিক পরিবেশকে আরো কাছে টানতে এবং এর সৌন্দর্য অবলোকনে সুবিধার জন্য বান্দরবানে এবার পর্যটকদের জন্য চালু হয়েছে ছাদখোলা বাস। বান্দরবান সদরের স্বনামধন্য আবাসিক হোটেল হিলভিউ-এর পক্ষ থেকে পর্যটকদের ভ্রমণের সুবিধার্থে এই ছাদখোলা বাস সার্ভিসের যাত্রা শুরু হলো।
সোমবার (১৮ নভেম্বর) সকালে হিলভিউ কনভেনশন হলের সামনে এই ছাদখোলা বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও হোটেল হিলভিউ ট্যুরিস্ট বাস মালিক কাজল কান্তি দাশ।
জানা গেছে, বাসটিতে ৩০ জনেরও বেশি আরামদায়ক সিটের ব্যবস্থা রাখা হয়েছে। ফোম দিয়ে তৈরি আরামদায়ক সিটের পাশাপাশি গান শোনার জন্য একটি সাউন্ড সিস্টেমও রয়েছে। এই বাসে বসে পর্যটকরা পাহাড়ের মেঘমাখা পরিবেশ উপভোগ করতে পারবেন।
.png)
বাসচালক মো. ফোরকান জানান, ছাদখোলা এই বাসে পর্যটকরা বান্দরবানের নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত, নীলগিরি ও অন্যান্য জনপ্রিয় পর্যটন স্পট ঘুরে দেখতে পারবেন। নির্ধারিত সময় শেষে যাত্রীদের আবার মূল জায়গায় ফিরিয়ে আনা হবে।
হোটেল হিলভিউ ট্যুরিস্ট বাসের মালিক কাজল কান্তি দাশ বলেন, পাহাড়, নদী ও ঝরনাবেষ্টিত বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক আসেন। তাদের নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণের জন্য এই ছাদখোলা বাস চালু করা হয়েছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
পর্যটকদের জন্য নতুন এই উদ্যোগ প্রকৃতির সৌন্দর্য উপভোগের নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন স্থানীয়রা।