মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাশীনাথপুর বাজারের পাশে এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী শেলা চাপড়ি গ্রামের সালাম মোল্লার ছেলে। তিনি কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালক ছিলেন। আহত জব্বার আলীর (২৫) বাড়ি নীলফামারী জেলায়। তিনি কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনে বাবুর্চি হিসেবে কাজ করেন।
কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিডার মো. আহসান আলী জানান, কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনে প্রায় ৪ বছর ধরে বাবুর্চির কাজ করেন আউটসোর্সিং এ নিয়োগপ্রাপ্ত জব্বার আলী। পাশাপাশি তিনি কাশিনাথপুর বাজারের পাশে ব্লু বার্ড ইম্পেরিয়াল স্কুলের পুরাতন একটি কক্ষ ভাড়া নিয়ে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল করার ব্যবসা করতেন।
.png)
বাবুর্চি জব্বারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল গাড়িচালক আব্দুর রাজ্জাকের। রাতে মোটরসাইকেলে আব্দুর রাজ্জাককে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যান জব্বার। সেখানে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় দুজনই গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিলে গাড়িচালক রাজ্জাককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত বাবুর্চি জব্বার আলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ঘটনাস্থলে তারা দুজনই ছিলেন। রিফিল করার সময় অতিরিক্ত প্রেশারে অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরিত হয়। তারপরও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সাঁথিয়া থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। কিছু আলামত জব্দ করা হয়েছে। ঘটনাস্থলটিকে ঘিরে রাখা হয়েছে। সিআইডি এসে প্রয়োজনীয় তদন্ত ও আলামত সংগ্রহ করবে। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দিলে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।