ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা, গ্রেফতার ২

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৩, ২১ নভেম্বর ২০২৪
যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা, গ্রেফতার ২
গ্রেফতারকৃত তৌফিক আহমেদ সুপ্ত ওরফে দিপু। ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে যুবলীগ কর্মী ওয়ালিফ হোসেন মানিককে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামি তৌফিক আহমেদ সুপ্ত ওরফে গুলি দিপুকে গ্রেফতার করেছে র‍্যাব। 

বুধবার (২০ নভেম্বর) রাতে উপজেলার পাকশি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দিপু পাকশির দিয়াড় বাঘইল এলাকার শাহিন হোসেনের ছেলে। এর আগে, আরেক আসামি হাজেরা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। 

জানা গেছে, যুবলীগ কর্মী  মানিককে গুলি করে হত্যার পর পালিয়ে যান আসামিরা।  গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে মামলার অন্যতম আসামি গুলি দিপু নিজ এলাকায় এসেছেন। পরে র‍্যাব-১২ সিপিসি-২ এর একটি দল পাকশি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১২ সিপিসি-২ পাবনার স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন চৌধুরি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। 

Advertisement

ঈশ্বরদী থানার পরিদর্শক(তদন্ত) মনিরুল ইসলাম বলেন, যুবলীগ কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাকশি ইউনিয়নের রুপপুরে ইউনুস আলীর ছেলে যুবলীগ কর্মী ওয়ালিফ হোসেন মানিককে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মানিকের বাবা ইউনুস আলী বাদী হয়ে ঈশ্বরদী থানায় ১২ জন আসামির নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৫-৬ জনের নামে মামলা করেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!