ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভরণপোষণ চাওয়ায় মারধর, অভিমানে পৃথিবী ছাড়লেন বৃদ্ধ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৮, ২২ নভেম্বর ২০২৪
ভরণপোষণ চাওয়ায় মারধর, অভিমানে পৃথিবী ছাড়লেন বৃদ্ধ
কোটালীপাড়া থানা। ফাইল ফটো

সন্তানদের কাছ থেকে প্রতিনিয়ত লাঞ্চনা ও মারধরের স্বীকার হয়ে অভিমানে বিষপান করে আত্মহত্যা করেছেন সুরেন গাইন নামে ৮০ বছর বয়সের এক বৃদ্ধ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃদ্ধ সুরেন গাইন বাগান উত্তরপাড়া গ্রামের মতিলাল গাইনের ছেলে।

জানা যায়, গত শনিবার (১৬ নভেম্বর) পারিবারিক বিষয় নিয়ে সুরেন গাইনের সঙ্গে তার দুই ছেলে খোকন গাইন  ও প্রদীপ গাইনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই ভাই মিলে বৃদ্ধ বাবার গায়ে হাত তোলেন। এই কষ্ট সহ্য করতে না পেরে ওইদিন রাতেই ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন সুরেন গাইন। 

পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন পরিবারের লোকজন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) মারা যান তিনি। 

নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশী বলেন, বৃদ্ধ সুরেন গাইন ও তার স্ত্রী আলাদাভাবে দুই ছেলের কাছে থাকতেন। এ নিয়ে প্রায়ই দুই সন্তানের সঙ্গে থাকা খাওয়া নিয়ে মা-বাবার ঝগড়া হতো। এ কারণে মাঝে মাঝে দুই ছেলে তাদের মা-বাবাকে মারধর করতেন। এই মারধর সহ্য করতে না পেরে সুরেন গাইন বিষপানে আত্মহত্যা করেছেন। 

এ বিষয়ে কোনো প্রকার মন্তব্য করতে রাজি হননি মৃত সুরেন গাইনের দুই ছেলে খোকন গাইন ও প্রদীপ গাইন।  
 
তবে খোকন গাইনের স্ত্রী সুচিত্র গাইন বলেন, আমার শ্বশুর কিছুটা মানষিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কি কারণে কীটনাশক পান করেছিলেন সেটা আমাদের জানা নেই। 

কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!