ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় কৃষকের লাউ গাছ কেটে দিল দুর্বৃত্তরা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৫, ২২ নভেম্বর ২০২৪
আখাউড়ায় কৃষকের লাউ গাছ কেটে দিল দুর্বৃত্তরা
২০ শতক জায়গায় উন্নত জাতের লাউয়ের চারা রোপণ করেছিলেন আজাদুল।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক কৃষকের লাউ ও গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওই কৃষক।

শুক্রবার (২২ নভেম্বর) বিষয়টি সংবাদকর্মীদের জানান ক্ষতিগ্রস্ত কৃষক মো. আজাদুল হক। এর আগে, বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার সীমান্তবর্তী মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের ওই কৃষকের লাউক্ষেতে এ ঘটনা ঘটে।

জানা যায়, কৃষক আজাদুল হক নিজ গ্রামে দীর্ঘদিন ধরে মৌসুমি সবজি চাষ করে আসছেন। এবার তিনি অন্যান্য সবজির পাশাপাশি ২০ শতাংশ জায়গাতে লাউ চাষ করেন। সবেমাত্র ক্ষেতের মধ্যে ফলন আসা শুরু করেছে। এরমধ্যে বেশ কয়েকটি লাউ বিক্রি করেছেন। দু-একদিনের মধ্যে ৪০-৫০টি লাউ বিক্রির কথা ছিল। এরই মধ্যে ছোট-বড় শতাধিক লাউ ও বেশ কয়েকটি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

Advertisement

প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান কৃষক।

ক্ষতিগ্রস্ত কৃষক আজাদুল হক জানান, আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। দেশে এসে মৌসুমি সবজি চাষের প্রতি আগ্রহ তৈরি হওয়ায় বেশ কয়েক বছর ধরে করে আসছি। এবার বাড়ি সংলগ্ন ৫৩ শতক জমিতে মিশ্র সবজি আবাদ করা হয়। ভালো ফলনের আশায় ২০ শতক জায়গায় উন্নত জাতের লাউয়ের চারা রোপণ করি। সকাল-বিকেল সবজি পরিচর্যায় সময় পার করছি। এরমধ্যে গাছে ফলন আসতে শুরু করেছে।

তিনি বলেন, বিকেলে সবজি বাগানে গিয়ে দেখি শতাধিক ছোট-বড় লাউ ছড়িয়ে ছিটিয়ে মাটিতে পড়ে আছে। পুরো গাছে একটি লাউও নেই। এরমধ্যে বেশ কয়েকটি গাছ ও কাটা রয়েছে। এসব দেখে আমি হতবাক হয়ে পড়ি। গাছে যে পরিমাণ লাউ এসেছিল এরমধ্যে ৪০-৫০টি লাউ বিক্রির উপযুক্ত ছিল। দু-একদিনের মধ্যে লাউ বিক্রির কথা ছিল।  এরমধ্যে ছোট-বড় মিলিয়ে প্রায় দেড় শতাধিক লাউ কেটে ফেলে দেয় দুর্বৃত্তরা। এতে আমার প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়।

পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ প্রতিবেশীরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছেন কৃষক আজাদুল।

আখাউড়া থানার ওসি আবুল হাসিম বলেন, লাউগাছ কাটার ঘটনায় এখন পর্যন্ত  থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধ আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!