নিহত খামার কর্মচারী মো. ইয়াছিন সোহাগ (২১) ময়মনসিংহ জেলার গৌরিপুর সাতুতী বড় বাড়ির আবদুস সামাদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে সংঘবদ্ধ দুর্বৃত্তরা ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নের পশ্চিম ছিলোনীয়া গ্রামের কালিপাল এলাকার ভূঞা ডেইরি ফার্মে ঢুকে অস্ত্র তাক করে তিনটি গরু নিয়ে যায়। এ সময় খামারের কর্মচারী সোহাগ তাদের হাত থেকে ছুটে পার্শ্ববর্তী মালিকের ঘরের সামনে গেলে সেখানে দুর্বৃত্ত দলের দুই সদস্য তাকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি গত ১৫ বছর ধরে এ খামারে কাজ করে আসছিলেন।
.png)
খামার মালিক মো. মামুন উদ্দিন ভূঁঞা বলেন, রাতে চিৎকার শুনে ঘুম থেকে উঠে ঘরের সামনে সোহাগকে মুখোশ পরা দুইজন দুর্বৃত্ত কুপিয়ে জখম করতে দেখেছি। ঘর থেকে বের হবার আগেই একটি ট্রাক নিয়ে অন্তত ১২-২৪ জনের দুর্বৃত্তের দল তিনটি গরু নিয়ে দ্রুত পালিয়ে যায়।
মো. সাইফুল ইসলাম নামে আরেকজন বলেন, সোহাগ খুব সৎ মানুষ। গত ১৫ বছর ধরে একেবারে পরিবারের সদস্যের মতো হয়ে তিনি এ খামারে কাজ করছিল। দুর্বৃত্তরা কুপিয়ে তার শরীর থেকে নাক আলাদা করে ফেলেছে। লুট হওয়া তিনটি গরুর দাম আনুমানিক ৩ লাখ ৮০ হাজার টাকা হবে। আমরা দ্রুত এ হত্যাকাণ্ডের বিচার চাই।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ও ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ওসি বলেন, খামারে কর্মচারী খুনের ঘটনায় মালিক অজ্ঞাতদের আসামি করে শুক্রবার থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শিগগিরিই দোষীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।