রোববার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি উত্তরপাড়া স্কুলের পাশে এ ঘটনা ঘটে। নিহত বাকুল মিয়া উপজেলার রাউতি গ্রামের মো. রওশন আলীর ছেলে।
নিহত বাকুলের ছেলে রাসেল মিয়া বলেন, চরমপন্থী জীবন থেকে ফিরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন আমার বাবা। তারপর গ্রামে থেকে ঘোড়ার গাড়ি চালিয়ে সংসার চালাতেন। রোববার রাতে গ্রামের একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি। এ সময় একই গ্রামের জালাল মাস্টার এসে তার ধান নিয়ে বাড়িতে পৌঁছে দিতে বলেন। তখন আমার চাচাতো ভাই আলেপকে নিয়ে আমার বাবা ঘোড়ার গাড়িতে ধান নিয়ে জলিল মাস্টারের বাড়িতে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন।
.png)
রাউতি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রাস্তার ওপর একদল দুর্বৃত্ত বাকুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। এ সময় তার সঙ্গে থাকা আলেপ বাধা দিতে গেলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে আহত আলেপকে উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করে এবং পুলিশকে খবর দেয়।
সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এ সময় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বাকুল আগে চরমপন্থী দলের সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি আত্মসমর্পণ করেছিলেন। তার নামে একাধিক মামলা রয়েছে।