ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে বাসেদ হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৭, ২৫ নভেম্বর ২০২৪
সিরাজগঞ্জে বাসেদ হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 
ফাইল ফটো

সিরাজগঞ্জে বাসেদ হত্যা মামলার অন্যতম আসামি আবু শাহীনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের কানিজ ফাতিমা এই রায় দেন।

সিরাজগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) গোলাম সরোয়ার নবাব বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি আবু শাহীন সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার পাটগ্রাম গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০ সালের ৫ জুলাই নিহত আব্দুল বাসেদের ভাবি আলেয়া খাতুন বাড়ির পাশে বাঁশের বেড়া দেন। এ নিয়ে আবু শাহীন, তার স্ত্রী সেফালী খাতুন ও মুন্নি খাতুনের সাথে তার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হাতে থাকা কাঁচি দিয়ে আব্দুল বাসেদকে আঘাত করেন আবু শাহীন। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে নিহতের স্ত্রী রিনা খাতুন বাদী হয়ে আবু শাহীন, তার স্ত্রী সেফালী খাতুন ও মুন্নি খাতুনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন সাক্ষ্য-প্রমাণ শেষে সোমবার আবু শাহীনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেফালী খাতুন ও মুন্নি খাতুনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!