ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চিন্ময় গ্রেফতারে কোটালীপাড়ায় বিক্ষোভ, ওসিসহ ২ পুলিশ আহত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫০, ২৬ নভেম্বর ২০২৪
চিন্ময় গ্রেফতারে কোটালীপাড়ায় বিক্ষোভ, ওসিসহ ২ পুলিশ আহত
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে কোটালীপাড়ার থানার ওসিসহ ২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ সময় পুলিশ ৩ বিক্ষোভকারীকে আটক করেছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার সনাতনীরা বিক্ষোভ মিছিল নিয়ে ভাঙ্গারহাট বাজারে সমাবেত হন। সমাবেশে মলয় রায়, অশোক গাইন, সৌরভ মন্ডল, অশোক বিশ্বাস, জয় দত্ত ও কৌশল্যা বাগচী বক্তব্য রাখেন।

জানা যায়, গতকাল ঢাকায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের খবরে রাতে উপজেলার রামশীল বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেখান থেকে আজ দুপুরে ভাঙ্গারহাটে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত হয়। আজ দুপুরে উপজেলার কলাবাড়িসহ বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে ভাঙ্গারহাট বাজারে সমাবেত হন সনাতন সম্প্রদায়ের লোকজন। এ সময় কোটালীপাড়া থানা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। এতে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজা (৫০) ও ভাঙ্গারহাট পুলিশ ফাড়ির এএসআই মোবারক হোসেন (৪৯) আহত হন।

Advertisement

পুলিশ এ সময় উপজেলার ভাঙ্গারহাট গ্রামের বিশ্বের হালদারের ছেলে অসীম হালদার (৩৩), কলাবাড়ি গ্রামের জতীন অধিকারীর ছেলে দিলীপ অধিকারী (৩৮), হিজলবাড়ী গ্রামের শচীন রোনাহা বাড়ৈর ছেলে তুষার বাড়ৈ (৩৭) নামের ৩ বিক্ষোভকারীকে আটক করে থানায় নিয়ে যায়।

কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমিসহ কোটালীপাড়া থানার অন্যান্য পুলিশ সদস্যরা ভাঙ্গারহাট বাজারে অবস্থান নিই। এ সময় হঠাৎ করে এক বিক্ষোভকারী পেছন থেকে আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে এএসআই মোবারক আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তিনজনকে আটক করে থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ হওয়া মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল সোমবার (২৫ নভেম্বর) বিকেলে গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!