এরমধ্যে একটি দুর্ঘটনা ঘটেছে মহাদেবপুর উপজেলায়। সেখানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। অন্য দুর্ঘটনাটি ঘটেছে নওগাঁ সদরের পল্লী বিদ্যুতের সামনে। সেখানে পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
মহাদেবপুরে নিহত দুইজনের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম সুমন মিয়া। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালক। তার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার কামারনাই গ্ৰামে। বাবার নাম সামছুল আলম। এছাড়া নিহত ট্রাকচালকের সহকারীর নাম জানা যায়নি।
.png)
নওহাঁটা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু বকর সিদ্দিক জানান, রাতে খড়বোঝাই একটি ট্রাক নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিল। ভোরে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রানীপুকুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা চালক এবং তার সহকারী নিহত হন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুজনের মধ্যে চালকের নাম-পরিচয় পাওয়া গেলেও তার সহকারী পরিচয় জানা যায়নি।
অন্যদিকে জেলা সদর এলাকার পল্লী বিদ্যুতের সামনে দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তির নাম আবুল কাশেম (৭৫)। তিনি সদর উপজেলার ভবানীগাছী দেওয়ানপাড়া গ্রামের মৃত কুদরত প্রামাণিকের ছেলে।
নওগাঁ সদর মডেল থানার এসআই আবু তাহের জানান, সকালে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে বালুডাংগা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন আবুল কাশেম। এ সময় নওগাঁ শহরের দিকে আসা একটি পিকআপ পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়রা পিআকআপটি আটক করলেও পালিয়ে যান চালক।