পিরোজপুরে আন্তঃবিভাগ চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার
চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ আন্তঃবিভাগ চোরচক্রের সক্রিয় ৪ সদস্যকে গ্রেফতার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। বুধবার ভোররাতে পিরোজপুর সদর ও নেছারাবাদ উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পিরোজপুরের নাজিরপুর উপজেলার উত্তর গাওখালী গ্রামের মৃত কৃষ্ণ রায়ের ছেলে বাপ্পি ওরফে সুমন রায় (৩৮), নেছারাবাদ উপজেলার জিলবাড়ি গ্রামের আমির হোসেনের ছেলে কামরুল (২৪), একই উপজেলার পশ্চিম বিন্না গ্রামের ফারুক হোসেনের ছেলে মেহেদি হাসান (৩৮) এবং যশোরের অভয়নগর থানার ভূগিলহাট গ্রামের সাহেব মুন্সির ছেলে মুন্না মুন্সি (২৪)।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান বুধবার বিকেলে পিরোজপুর সদর থানায় এক সংবাদ সম্মেলনে জানান, গত ২১ নভেম্বর পিরোজপুর পৌরসভার মুসলিম পাড়ায় একটি ভাড়া বাসার সামনে থেকে হাবিবুর রহমান নামে এক সংবাদকর্মীর মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় একটি চোরচক্র। এ ঘটনায় হাবিবুর রহমান পিরোজপুর সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ শহরের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ও তথ্য প্রযুক্তির সহায়তায় চোরচক্রটিকে চিহ্নিত করে।
এরপর পিরোজপুর সদর থানার এসআই মোল্লা রমিজ জাহান জুম্মার নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরচক্রের সদস্য সুমন রায়, মুন্না ও কামরুলকে গ্রেফতার করে। এরপর তাদের দেওয়া তথ্যমতে নেছারাবাদ উপজেলার পশ্চিম বিন্না গ্রামে মেহেদি হাসানের বাড়ি থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করার পর তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, এ চোরচক্রটি দীর্ঘদিন ধরে পিরোজপুর থেকে মোটরসাইকেল চুরি করে বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করে আসছিল। এর আগেও পিরোজপুর থেকে চুরি হওয়া আরেকটি মোটরসাইকেল যশোর থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে পিরোজপুর সদর থানার ওসি মো. আবদুস সোবাহানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।