রোববার (৮ ডিসেম্বর) রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে।
রাজশাহী আবহওয়া অফিসের তথ্যমতে, রাজশাহীতে এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে রাজশাহীতে আজকেই সর্বনিম্ন। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন শনিবার সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
.png)
রাজশাহী আবহওয়া অফিসের জৈষ্ঠ্য পর্যবেক্ষক আব্দুস সালাম বলেন, গত কয়েকদিন থেকেই তাপমাত্রা কমছে। গতকালের চেয়ে আজকে দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী ডিসেম্বরের মাঝামাঝি থেকেই তাপমাত্রা কমতে থাকে।
এদিকে, শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় জেলায় জনদুর্ভোগ বেড়েছে। সকালে মানুষের চলাচল কম থাকছে। ভোরে শ্রমজীবী মানুষরাও চরম দুর্ভোগ পোহাচ্ছে।
নগরীর বাসিন্দা রাহী হোসেন বলেন, ভোরে কাজে বের হতে গিয়ে দেখি কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। এত ঠান্ডায় কাজ করা অনেক কষ্টকর। কুয়াশা এত বেশি যে, রাস্তায় হেডলাইট জ্বালিয়েও গাড়ি চলছে ধীর গতিতে।
রিকশাচালক জাকির হোসেন বলেন, শীতের কারণে খুব সকালে কাজ শুরু করতে পারি না। যাত্রীও কম। এতে আয়ও কমে গেছে। যে দিন বের হচ্ছি ঠান্ডায় জমে যাচ্ছি।