ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেন্টমার্টিনে ভাঙাচোরা জেটি, ভোগান্তি

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২০, ৯ ডিসেম্বর ২০২৪
সেন্টমার্টিনে ভাঙাচোরা জেটি, ভোগান্তি
ভাঙাচোরা জেটিতে ঝুঁকি নিয়ে পারাপার

প্রতি বছর দেশ-বিদেশের লাখ লাখ পর্যটক ছুটে যান দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে। কিন্তু সেন্টমার্টিনের ভাঙাচোরা জেটি নিয়ে চরম দুঃখ-দুর্দশায় দিন অতিবাহিত করছেন দ্বীপবাসী। জরাজীর্ণ জেটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন পর্যটকরা। সেন্টমার্টিনের প্রায় ১০ হাজার মানুষের চলাচল ও মালামাল পারাপারের একমাত্র মাধ্যম এই জেটি। প্রতিদিন এ জেটি দিয়ে হাজার হাজার পর্যটক জাহাজে ওঠানামা করেন৷ তবে এখন পর্যন্ত ভাঙা জেটি সংস্কারের কাজ শুরু না করায় দুর্ঘটনার আশঙ্কা দেখছেন স্থানীয়রা। সেইসঙ্গে ভ্রমণপিপাসুদের আগমনে অনিশ্চয়তার পাশাপাশি লোকসানের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। জনগুরুত্বপূর্ণ এই জেটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন পর্যটক ও স্থানীয়রা। 

রোববার (৮ ডিসেম্বর) সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে ছেড়ে যায় তিনটি জাহাজ। দুপুরে জাহাজগুলো সেন্টমার্টিন জেটিতে ভিড়লে নামার সময় চরম বিপাকে পড়েন পর্যটকরা।

স্থানীয়রা বলছেন, জাহাজ কিংবা ট্রলার পর্যটক নিয়ে ভেড়া এই জেটিটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকলেও সংস্কারের উদ্যোগ নেই। ফলে যেকোন মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। কয়েক বছর ধরে সমুদ্রে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের মাত্রা বৃদ্ধি পেয়েছে। এতে প্রবাল দ্বীপটির জেটির অনেকাংশ ভেঙে পড়েছে। নষ্ট হয়ে গেছে পল্টুন। 

Advertisement

ঢাকা থেকে ভ্রমণে আসা পর্যটক কবির উদ্দিন চৌধুরী বলেন, এত সুন্দর একটি পর্যটন কেন্দ্র, কিন্তু প্রবেশমুখের মূল আকর্ষণ জেটিটিই বিধ্বস্ত ও জরাজীর্ণ। এই জেটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা না গেলে সবাইকে আরো বেশি ভোগান্তি পোহাতে হবে।

আরেক পর্যটক গিয়াস উদ্দিন বলেন, জাহাজ থেকে নামতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতাম। জেটির পুরো অংশই পরিত্যক্ত হয়ে গেছে। এখানে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। বিশেষ করে মহিলা ও শিশুরা চরম বিপাকে পড়েন। আগত পর্যটক ও স্থানীয়দের স্বার্থে দ্রুত সময়ের মধ্যে জেটি সংস্কার করতে হবে। সেন্টমার্টিনের সৌন্দর্যের সঙ্গে জেটিটি কোনোভাবেই যায় না।

জানা গেছে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও বৈরী আবহাওয়ায় জেটি একেবারে চলাচল অনুপযোগী হয়ে পড়লে ২০২৩ সালে কাঠের তক্তা বসিয়ে প্রাথমিকভাবে মেরামত করে চলাচল উপযোগী হয়। কিন্তু বছর না ঘুরতেই ফের বেহাল দশায় হয়ে যায় জেটিটির।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, এই ভাঙাচোরা জেটি নিয়ে খুব কষ্টে আছি আমরা। জরাজীর্ণ জেটির কারণে পর্যটকরা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন। জেলা পরিষদকে বারবার তাগাদা দিয়ে যাচ্ছি আমরা। শুনেছি জেটির জন্যে একটি বাজেট হচ্ছে। তবে সেটি কবে নাগাদ বাস্তবায়িত হবে, তা ঠিক নেই।

কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ বলেন, জেটির জন্যে বাজেট পাস হয়েছে। অলরেডি অনলাইনের মাধ্যমে টিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে জেটি মেরামতে কাজ শুরু করা হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহসান উদ্দিন বলেন, আমি মাত্র যোগদান করেছি। নতুন মানুষ, এখনো অফিসে বসতে পারিনি। আগামীকাল থেকে অফিসে বসব। তবে জেটিটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় আছে সেটি জানি। বিষয়টি আমি দেখব।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!