ট্রাকচাপায় ছোট বোনের মৃত্যু, বড় বোন আহত
লক্ষ্মীপুরের রামগতিতে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশা আরোহী নাছিমা আক্তার (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন নিহতের বড় বোন পুষ্পসহ আরো দুই জন। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার জমিদার হাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। এরমধ্যে আহত পুষ্পর অবস্থা আশঙ্কাজক হওয়ায় চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় প্রেরণ করেন। অপর আহত অটোরিকশাচালকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানা যায়।
নিহত নাছিমা আক্তার ও আহত পুষ্পা রামগতি উপজেলার চর ঠিকা গ্রামের মৃত নজরুল ইসলামের দুই মেয়ে।
.png)
স্থানীয়রা জানান, সকালে দুই বোন চাল কেনার জন্য রামগতি উপজেলার জমিদার হাট বাজারে অটোরিকশাযোগে যাচ্ছিলেন। জমিদার হাট বাজারে পৌঁছার আগেই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত হন দুই বোন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ছোট বোন নাছিমাকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক কমলা শীষ রায় বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুই নারীকে হাসপাতালে আনা হয়। আমরা একজনকে মৃত পেয়েছি। অন্যজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।