ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে ২ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৬, ১৭ ডিসেম্বর ২০২৪
মাদারীপুরে ২ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
গ্রেফতারকৃত ২ শীর্ষ সন্ত্রাসী

মাদারীপুরে দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়- তাদের বিরুদ্ধে হত্যা, মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ অন্তত ২০টি মামলা রয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার রাস্তি এলাকা থেকে তাদের গ্রেফতার করে সদর মডেল থানার পুলিশ।

বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

Advertisement

গ্রেফতাররা হলেন- সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার পল্টু ফকিরের ছেলে আকাশ ফকির (২৬) ও একই এলাকার নূর মোহাম্মদ কবিরাজের ছেলে অন্তর কবিরাজ (২৪)।

এর মধ্যে আকাশের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি ও দস্যুতাসহ একাধিক অপরাধে ১৪টি মামলা রয়েছে। এছাড়া শরিয়তপুরের জাজিরা থানায় একটি হত্যা মামলাও রয়েছে। অন্তর কবিরাজের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় রয়েছে আরো ৫টি মামলা।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জেলা শহরের ছিনতাই, চুরি ও ডাকাতিসহ একাধিক অপরাধমূলক ঘটনা ঘটছে। এসব ঘটনার সঙ্গে আকাশ ও অন্তর জড়িত বলে পুলিশ জানতে পারে। তাদের ধরতে একাধিকবার অভিযানও চালায় পুলিশ। সবশেষ র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ভোরে রাস্তি এলাকায় অভিযান চালিয়ে আকাশ ও অন্তরকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবদুল্লাহ্ আল মামুন বলেন, শীর্ষ ওই দুই সন্ত্রাসী দীর্ঘদিন ধরে পলাতক ছিল। অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, ওই চক্রটির সঙ্গে আরো অনেকে জড়িত। তাদের ধরতেও পুলিশ কাজ করছে। অভিযুক্ত ওই দুই আসামির বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় ১৯টি মামলা রয়েছে। শরিয়তপুরের জাজিরা থানায় আকাশের বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!