টাঙ্গাইলে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ
বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে ময়মনসিংহে ধর্ষণ ও নির্যাতনের শিকার কিশোরীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের বিক্ষোভ সমাবেশ হয়েছে। এছাড়া ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশগ্রহনকারীদের ধারাবাহিক হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান তারা।
বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বিথি নেতৃত্ব দেন। এ সময় দফতর সম্পাদক প্রেমা সরকার, প্রচার সম্পাদক তাওহীদা স্বপ্নীল, ছাত্র সমন্বয়ক রাসেলসহ ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
.png)
এ সময় বক্তারা ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও হত্যাকাণ্ড এবং দেশের বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নির্যাতন, হামলা ও হত্যার সঙ্গে জড়িতদের অতিদ্রুত চিহ্নিত করে বিচারের জোর দাবি জানান। এছাড়া দেশে বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টরা এখনও রয়েছে। এই ফ্যাসিস্টদের দোসররা এখনও দেশে বিভিন্ন ঘটনা সংঘটিত করছে। কাজেই ফ্যাসিস্টের দোসরদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, গত সোমবার (১৬ ডিসেম্বর) ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ধর্ষণ ও নির্যাতনের শিকার এক কিশোরীর (১৬) মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।