ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১০ ডিগ্রির ঘরে পঞ্চগড়ের তাপমাত্রা, বইছে হিমেল হাওয়া

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০০, ২০ ডিসেম্বর ২০২৪
১০ ডিগ্রির ঘরে পঞ্চগড়ের তাপমাত্রা, বইছে হিমেল হাওয়া
ছবি: ডেইলি বাংলাদেশ

উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের প্রকোপ। হিমেল বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করছে ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উত্তর দিকে থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাসের কারণে তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। এ কারণে উত্তরাঞ্চলের এ জেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। তবে কয়েক দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। এমন শীতের মধ্যে ভোর থেকেই কর্মব্যস্ততা দেখা যায়। এ জেলার দিনমজুর, পাথর ও চা শ্রমিক, ভ্যানচালকসহ কৃষকরা কাজে বেরিয়েছেন সকাল সকাল। 

Advertisement

স্থানীয়রা জানান, উত্তরের এ জেলায় দিনের বেলায় সূর্যের দেখা মিললেও সন্ধ্যার পর থেকেই উত্তরীয় হিমেল হাওয়ায় শীতের পরশ অনুভূত হচ্ছে। মাঝরাতের পর ভোর পর্যন্ত গায়ে কাঁথা নিতে হচ্ছে। উত্তরের এ জেলাটি বরফের পাহাড় হিমালয়-কাঞ্চনজঙ্ঘার কাছের এলাকা হওয়ায় অন্যান্য জেলার আগেই এ অঞ্চলে শীতের আগমন ঘটে। নভেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতের তীব্রতা অনেক বেশি থাকে।

এ বিষয়ে তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, আজ শুক্রবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। উত্তরের হিমেল হাওয়ায় এ জেলায় ঠান্ডা অব্যাহত রয়েছে। সামনের দিকে তাপমাত্রা আরো কমতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!