ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দৌলতপুরে ক্লাবের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩১, ২০ ডিসেম্বর ২০২৪
দৌলতপুরে ক্লাবের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ
ফাইল ছবি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ক্লাবের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যার পর উপজেলার প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর বাজারে এ ঘটনা ঘটে। সংঘর্ষে একই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (৪৮) আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাগপুর বাজারে আলাপনি ক্লাবের কমিটি নিয়ে প্রাগপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজমল হোসেন আজম ও সাবেক মেম্বার তাহাজ উদ্দিনের লোকজনের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে সংঘর্ষ হয়।

এ সময় উভয় গ্রুপের লোকজন ধাওয়া-পাল্টা ধাওয়া হলে প্রাগপুর বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রাগপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে দু’পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উভয়পক্ষের লোকজন দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চালিয়ে যায়। পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে নিজাম উদ্দিন নামে একজন আহত হন। তিনি স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

সংঘর্ষের বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, প্রাগপুর বাজারে একটি ক্লাবের কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সংঘর্ষ
লিংক সফলভাবে কপি হয়েছে!