বাংলাদেশি যুবককে রাতভর নির্যাতনের পর ফিরিয়ে দিল বিএসএফ
ঝিনাইদহের মহেশপুরে সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনের শিকার আহত বাংলাদেশি নাগরিক মো. রবিউল ইসলামকে উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল ৬টার দিকে মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত এলাকার ইছামতি নদীর তীর থেকে তাকে উদ্ধার করা হয়।
জানা গেছে, সোমবার সকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ পলিয়ানপুর বিওপির টহল দল মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত এলাকার ইছামতি নদীর তীর থেকে আহত বাংলাদেশি নাগরিক মো. রবিউল ইসলামকে স্থানীয় জনসাধারণের সহায়তায় উদ্ধার করা হয়। পরে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে মারধরে চিহ্ন, মাথায় গুরুতর আঘাত এবং ডান হাত ভাঙা ছিল।
.png)
আহত ব্যক্তির ভাষ্যমতে, দুই মাস পূর্বে চিকিৎসার জন্য সীমান্ত পথে অবৈধভাবে ভারতে গমন করে এবং চিকিৎসা শেষে রোববার ফিরে আসার সময় রাত ৭টার দিকে বিএসএফ আটক করে। পরে বিএসএফ সদস্যরা তাকে রাতভর আটকে রেখে লাঠি ও অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ভোরবেলায় ভারত-বাংলাদেশ সীমান্তের ইছামতি নদীর তীরে ফেলে রেখে যায়।