ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জাহাজে ৭ খুন: নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৯, ২৪ ডিসেম্বর ২০২৪
জাহাজে ৭ খুন: নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজে হত্যার শিকার সাত শ্রমিকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মরদেহগুলোর ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হয়।

এর আগে, এদিন সকালে চাঁদপুর সদর হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। এ সময় নিহতদের আত্মীয়স্বজনরা হাসপাতালে এসে ভিড় জমান।

নিহতরা হলেন- ফরিদপুর জেলার মো. কিবরিয়া (মাস্টার), শেখ সবুজ (৩৫) লস্কর, নড়াইল জেলার মো. সালাউদ্দিন (৪০) ইঞ্জিনচালক, আমিনুল মুন্সী (৪০) সুকানি, মাগুরা জেলার মো. মাজেদুল (১৬) লস্কর, সজিবুল ইসলাম (২৬) লস্কর, মুন্সীগঞ্জের রানা (২০) বাবুর্চি।

এ ঘটনা উদঘাটনের জন্য সিআইডি, পিবিআই ও পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

হত্যাকাণ্ডের ঘটনায় এখনো মামলা প্রক্রিয়াধীন। এদিকে, হত্যাকাণ্ডের ঘটনাটি শুধু ডাকাতির সঙ্গে সম্পৃক্ত নয় এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি স্বজনদের। তাই দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার দাবি জানান তারা।

অপরদিকে, এ ঘটনায় বেঁচে ফেরা জুয়েল রানার অবস্থা কিছুটা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানান, জুয়েলের শ্বাসনালী কেটে গেছে। তবে শ্বাস নেয়ার জন্য কৃত্রিম নল লাগানো হয়েছে।

আহত জুয়েল কথা বলতে না পারলেও নৌ পুলিশের কাছে ঘটনার বর্ণনা লিখে দিয়েছেন। তিনি জানিয়েছেন, দুর্বৃত্তরা ৭ থেকে ৮ জনের দল ছিল। রোববার দিবাগত রাত ৩টার দিকে চাঁদপুরে নোঙর করার পর ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তারা। একপর্যায়ে রাত ৪টার দিকে কেবিনের দরজায় নক করে দৃর্বৃত্তরা। এ সময় দরজা খোলার সঙ্গে সঙ্গে আমার গলায় ছুরিকাঘাত করে তারা।

এর আগে, গতকাল সোমবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর মাঝেরচর এলাকায় নোঙ্গর করা এমবি আল বাকেরা কার্গো জাহাজ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে আরো দুইজন মারা যান। অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।

নিহতদের প্রত্যেকে ওই জাহাজের শ্রমিক। ধারণা করা হচ্ছে- রোববার রাতে কে বা কারা নোঙর করা জাহাজটিতে এই হত্যাযজ্ঞ চালায়।

পুলিশ জানায়, ঘটনা উদ্ঘাটনে পুলিশের পাশাপাশি কোস্টগার্ড ও সিআইডির সব ইউনিট কাজ করছে। রহস্য উদ্ঘাটন শেষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানায় পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!