ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জাহাজে ৭ খুনের ঘটনায় মামলা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৪, ২৫ ডিসেম্বর ২০২৪
জাহাজে ৭ খুনের ঘটনায় মামলা
ছবি: সংগৃহীত

চাঁদপুরে মেঘনা নদীতে মালবাহী জাহাজে ৭ জন খুনের ঘটনায় মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ডাকাত দলকে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে হাইমচর থানায় মামলাটি করেন জাহাজের মালিক মাহাবুব মুর্শেদ। রাতেই এ তথ্য নিশ্চিত করেছেন হাইমচর থানার ওসি মো. মহিউদ্দিন সুমন।

এদিকে, মঙ্গলবার হত্যাকাণ্ডের শিকার ৭ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়। এর আগে, সকাল থেকেই নিহতের স্বজনরা চাঁদপুর সদর হাসপাতালে ভিড় করেন এবং মরদেহ শনাক্ত করেন। 

Advertisement

তারা হলেন- জাহাজের মাস্টার ফরিদপুর জোয়াইর উপজেলার মো. গোলাম কিবরিয়া (৬৫), তার ভাগিনা জাহাজের লস্কর শেখ সবুজ (৩৫), জাহাজের সুকানী নড়াইল লোহাগড়ের আমিনুল মুন্সী (৪০),জাহাজের লস্কর মাগুরার মোহাম্মদপুর এলাকার মো. মাজেদুল ইসলাম (১৭), একই এলাকার লস্কর সজিবুল ইসলাম (২৬), নড়াইল লোহাগড় এলাকার জাহাজের ইঞ্জিন চালক মো. সালাউদ্দিন মোল্লা (৪০) ও মুন্সীগঞ্জ শ্রীনগর থানার জাহাজের বাবুর্চি রানা (২০)। এছাড়া আহত সুকানী মো. জুয়েল ফরিদপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের সেকান্দর প্রকাশ সেকেন্ড খালাসীর ছেলে।

চাঁদপুরের জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন জানান, মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতদের প্রতি পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা ও নৌ-পুলিশের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, সোমবার দুপুরে মেঘনা নদীর মাঝিরঘাট এলাকায় নোঙর করা সারবাহী লাইটার জাহাজ ‘এমভি আল-বাখেরা’ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। এ সময় তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যু হয়। পুলিশের ধারণা, ডাকাতির সময় নৌযানটির চালক ও কর্মীদের হত্যা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!