ফায়ার ফাইটার নয়ন: একমাত্র ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা
সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার সার্ভিস কর্মী সোয়ানুর জামান নয়নের বাড়িতে চলছে শোকের মাতম। এক মেয়ে ও এক ছেলেসন্তানের মধ্যে নয়ন ছিলেন ছোট। সন্তানের মৃত্যুর সংবাদ জানার পর থেকে কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছেন তার মা নার্গিস বেগম। একমাত্র সন্তানের মৃতুর ব্যথা সইতে না পেরে নিজের বুক চাপড়ে আহাজারি করছেন মা।
নিহত সোয়ানুর জামান নয়ন (২৪) রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউপির ছড়ান আটপড়িয়া গ্রামের কৃষক আখতারুজ্জামানের ছেলে। তিনি দু’বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন।
নিহতের স্বজনরা জানান, নয়নই ছিল পরিবারের ভরসা। তাকে ঘিরেই স্বপ্ন দেখতেন তার মা-বাবা ও বোন। কিন্তু হঠাৎ এমন মৃত্যুতে যেন পুরো পরিবার নিঃস্ব হয়ে গেল। এমন মৃত্যু তারা মেনে নিতে পারছেন না। আগুন নেভাতে ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের ইউনিটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কে বেরিকেড না দেওয়ায় সেই সড়ক দিয়ে ট্রাক ঢুকে পড়ায় এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ নিহতের স্বজনদের। ট্রাকচালককে অতি দ্রুত গ্রেফতার করে বিচার নিশ্চিতের পাশাপাশি অসহায় নয়নের পরিবারের পাশে যেন সরকার দাঁড়ায় সে দাবিও জানান তারা।
.png)
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় নয়নের ওপর দিয়ে একটি ট্রাক উঠে যায়। এতে ঐ ফায়ার ফাইটার গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালেই তার মৃত্যু হয়।
এদিকে, বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গ থেকে ময়নাতদন্ত শেষে সোয়ানুর জামান নয়নের মরদেহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বঙ্গবাজার সদর দফতরে নিয়ে যাওয়া হয়। সেখানে নয়নের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে যখন আগুন লাগে। প্রায় সোয়া ৬ ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট।