সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে আরেক বাংলাদেশি নিহত
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে মো. সবুজ মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। বর্তমান সীমান্তের ওপারে কাঁটাতারের ভেতরে পড়ে আছে তার মরদেহ।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি দমদমিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ভিতরগুল পাহাড়তলী গ্রামের আবুল হোসেনের ছেলে।
জানা যায়, দমদমিয়া সীমান্তের ১২৬১ নম্বর পিলারের প্রায় ২০০ গজ ভারত সীমান্তের অভ্যন্তরে সবুজ মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা বিজিবি ও পুলিশকে খবর দেন।
.png)
৪৮ বিজিবির দমদমিয়া বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমান বলেন, রাতে স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশি যুবকের মরদেহ পড়ে আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ জানান, খাসিয়ার গুলিতে নিহত সবুজ মিয়ার বাবা আবুল হোসেন থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেছেন। ভারতের অভ্যন্তরে থাকায় পুলিশ মরদেহ উদ্ধার করতে পারেনি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে ভারত সীমান্তের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে নিহত হন জৈন্তাপুর উপজেলার ঝিঙ্গাবাড়ি গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে মারুফ মিয়া (১৬)।