ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডেকে নিয়ে স্বেচ্ছাসেবক দলের কর্মীকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:২২, ২৮ ডিসেম্বর ২০২৪
ডেকে নিয়ে স্বেচ্ছাসেবক দলের কর্মীকে কুপিয়ে হত্যা
নিহত আবু সাঈদ। ছবি: সংগৃহীত

বগুড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে স্বেচ্ছাসেবক দলের কর্মী আবু সাঈদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) এ কে এম মঈন উদ্দিন।

এর আগে, শুক্রবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে শহরের নিশিন্দারা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ বগুড়া শহরের নিশিন্দারা পশ্চিমপাড়ার ইউসুফ আলীর ছেলে। তিনি স্বেচ্ছাসেবক দলের কর্মী ও বালু ব্যবসায়ী ছিলেন। 

Advertisement

পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার রাত ১২টার দিকে কে বা কারা তাকে মোবাইলে কল করে। এরপর তিনি ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হন। কিছু দূর যাওয়ার পর দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহতের চাচাতো ভাই নেছার উদ্দিন জানান, আবু সাঈদ স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন। বালুর ঠিকাদারি করতেন। তার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) এ কে এম মঈন উদ্দিন জানান, মোবাইলে ভিডিও দেখা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে সাঈদের বিরোধ ছিল। এরই জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত কাজ করছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!