অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের মানিকজোর গ্রামের মৃত. মো. মকবুল আকনের ছেলে ওষুধের দোকানের কর্মচারী মো. জিয়াউদ্দিন আকন তার বোনদের কাছ থেকে ২৪ শতক জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন। ওই জমি থেকে তাকে উচ্ছেদের জন্য দীর্ঘদিন ধরেই মরিয়া তারই আপন বড় ভাই মো. মহিউদ্দিন আকন।
শুক্রবার দুপুর ১২টার দিকে মো. মহিউদ্দিন আকনের ইন্ধনে পূর্বপরিকল্পিতভাবে একই গ্রামের সিদ্দিক তালুকদার তার লোকজন নিয়ে জিয়াউদ্দিনের বসতবাড়িতে প্রবেশ করে বেড়া কেটে পুঁইশাক, বরবটি ও সবজিক্ষেতের ব্যাপক ক্ষতিসাধন করে। এর আগে, গত ১৬ অক্টোবর ১০-১৫ জনের একটি বাহিনী ওই জমির একটি অংশ জোরপূর্বক দখলে নিয়ে বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করে।
.png)
ভুক্তভোগী জিয়াউদ্দিন ও তার স্ত্রী আরিফা বেগম জানান, ২০২২ সালে ৫ বোনের কাছ থেকে ২৪ শতক জমি ক্রয় করে ভোগদখল করছেন তারা। বড় ভাই মহিউদ্দিন আকন স্থানীয় ভাড়াটিয়া লোকজন নিয়ে বেড়া দিয়ে আমাদের জমি জোরপূর্বক দখলে নিয়েছে। এখন আবার নতুন করে তার লোকজন দিয়ে আমাকে হয়রানি করছে। পরিবার নিয়ে আতঙ্কে রয়েছি। থানায় অভিযোগ দিয়েছি। প্রশাসনের কাছে বিচার চাই।
এ সম্পর্কে মহিউদ্দিন আকন জানান, তার ছোট ভাই জিয়াউদ্দিন নিজে থেকেই তার জমিতে বেড়া দিয়েছে। তিনি কারো জমি জোরপূর্বক দখল করেননি। ওয়ারিশ হিসেবে তার প্রাপ্ত জমিও তাকে বুঝিয়ে দেয়নি। যে ঘরে তার ভোট ভাই বসবাস করছে, সে ঘরটিও তার নিজের টাকায় নির্মাণ।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মোরেলগঞ্জ থানার এসআই ভবতোষ রায় বলেন, জমিজমা সংক্রান্ত ভাই ভাই বিরোধের অভিযোগটির তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে উর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হবে।