চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে অবস্থান কর্মসূচি
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপকের ওপর হামলার ঘটনায় নিন্দা জ্ঞাপনের পাশাপাশি অবস্থান কর্মসূচি পালন করেছেন চিকিৎসা সংশ্লিষ্টরা।
সর্বস্তরের চিকিৎসকবৃন্দের ব্যানারে রোববার দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করেন তারা। এ সময় বক্তারা ঘটনায় জড়িতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জানা গেছে, গত ২৬ ডিসেম্বর শারমিন আক্তার নামে এক রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে আসা হয়। অপারেশন পরিচালনাকারী চিকিৎসক গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আরজু শামীমার দেরিতে আসাকে কেন্দ্র করে তাকে শারীরিকভাবে লাঞ্চিত করেন রোগীর স্বামী ইয়াসিন আলী নামে এক ব্যক্তি। পেশাদারিত্বের কথা মাথায় রেখে কোনো প্রতিবাদ না করেই অপারেশন থিয়েটারে গিয়ে অপারেশন শেষ করেন তিনি। বিষয়টি জানাজানি হলে ঘটনার প্রতিবাদে রোববার দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা।
.png)
ডাক্তার সানজিদা আলমের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ডাক্তার আইরিন পারভীন, ডাক্তার ফারহানা আফরোজ, ডাক্তার ইকবাল আযম বরকতউল্লাহসহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকবৃন্দ।