ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আদালতে মিথ্যা সাক্ষ্য, শিক্ষককে কারাগারে দিলেন বিচারক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৯, ৩০ ডিসেম্বর ২০২৪
আদালতে মিথ্যা সাক্ষ্য, শিক্ষককে কারাগারে দিলেন বিচারক
ফাইল ফটো

কক্সবাজারের চকরিয়ায় আদালতে হাজির হয়ে মিথ্যা তথ্য ও সাক্ষ্য দেওয়ার অপরাধে আবু ছিদ্দিক নামে এক শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

রোববার (২৯ ডিসেম্বর) একটি মামলার শুনানি চলাকালে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনোয়ারুল কবির এ নির্দেশ দেন।

সাজাপ্রাপ্ত আবু ছিদ্দিক চকরিয়া উপজেলার বরইতলী উচ্চবিদ্যালয়ের বরখাস্ত প্রধান শিক্ষক নুরুল আবছারকে জামিনে মুক্ত করার জন্য এ মিথ্যা সাক্ষ্য দেন। তিনি বরইতলী উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী আবু ছালেহ।

মামলার নথিপত্র ঘেঁটে দেখা যায়, বিদ্যালয়ের তহবিল থেকে ১ কোটি ৩ লাখ ৫৬ হাজার টাকা আত্মসাতের ঘটনায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর সাবেক প্রধান শিক্ষক নুরুল আবছারকে বরখাস্ত করে। এ ঘটনায় তৎকালীন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীন মুরাদ বাদী হয়ে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য কক্সবাজার পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দায়িত্ব দেন। সে সময় সহকারী শিক্ষক আবু ছিদ্দিকসহ তিনজন সিআইডির কাছে নুরুল আবছারের অর্থ আত্মসাতের বিষয়টি সত্য বলে সাক্ষ্য দেন। পরে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করে সিআইডি। ১৮ ডিসেম্বর চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন নুরুল আবছার। মামলার শুনানি শেষে আদালত ওই দিন নুরুল আবছারকে কারাগারে পাঠান।

চকরিয়া আদালতের আইনজীবী আবু ছালেহ বলেন, রোববার নুরুল আবছারের জামিনের আবেদন করেন তার আইনজীবী। এ সময় আদালত সিআইডির কাছে সাক্ষ্য দেওয়া সহকারী শিক্ষক আবু ছিদ্দিক ও অপর সাক্ষী মাহফুজুল করিমের কাছে তদন্তে সাক্ষ্য দেওয়ার বিষয়ে জানতে চান। মাহফুজুল করিম সিআইডির কাছে দেওয়া সাক্ষ্যের বিষয়ে স্বীকার করলেও অপর সাক্ষী আবু ছিদ্দিক সিআইডির কাছে সাক্ষ্য দেননি বলে আদালতে মিথ্যা তথ্য দেন। এরই পরিপ্রেক্ষিতে চকরিয়া আদালতের বেঞ্চ সহকারী লুৎফুর রহমান বাদী হয়ে গতকাল দুপুরে একই আদালতে আবু ছিদ্দিকের বিরুদ্ধে একটি স্বপ্রণোদিত মামলা করেন। ওই মামলায় বিচারক আনোয়ারুল কবির আদালতে দাঁড়িয়ে মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে আবু ছিদ্দিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে কারাগারে নিয়ে যায় পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!