কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে ৩ দোকান ভস্মীভূত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ভাঙ্গারির দোকান ও একটি তেলের গোডাউন ভস্মীভূত হয়েছে। সোমবার ভাররাত ৪টার দিকে উপজেলার ঘাঘর বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
প্রত্যক্ষদর্শী লেবু শেখ বলেন, রাত ৪টা ১৫ মিনিটের দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। ঘরের জানালা খুলে বাইরে তাকিয়ে দেখি গণেশ সাহার তেলের গোডাউনে আগুন লেগেছে। আগুনের তাপে বিকট শব্দে তেলের ব্যারেল ফেটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে আসে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে সোহেল শেখের দুটি ভাঙ্গারি মালের দোকান ও গণেশ সাহার একটি তেলের গোডাউন সম্পূর্ণরুপে পুড়ে যায়।
.png)
কোটালীপাড়া ফায়ার স্টেশন অফিসার সিরাজুল ইসলাম জানান, রাত সাড়ে ৪টার দিকে ঘাঘর বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ছুটে আসি। এক ঘণ্টার মধ্যে আগুন নেভাতে সক্ষম হই। অগ্নিকাণ্ডের সূত্রপাত তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।
আগুনে পুড়ে যাওয়া দোকানের ব্যবসায়ী সোহেল শেখ বলেন, আমার প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। সবমিলিয়ে অগ্নিকাণ্ডে দোকান ঘর ও মালামালসহ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার ও কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।