বাস-পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষ, আহত ২০
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস, পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি পাশে থাকা পেট্রোল পাম্পের ভেতরে ঢুকে যায়। পরে সামনে থাকা আরেকটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয় বাসটি। এতে বাসের চালক ও সহকারীসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়।
.png)
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ নুর উদ্দিন বলেন, দুর্ঘটনায় আহত ১৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখান থেকে আহত সাতজনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস পেছন থেকে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। গাড়িগুলো থানা হেফাজতে রয়েছে।