ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১৩৬ প্রজাতির ফুলে সেজেছে চট্টগ্রাম ডিসি পার্ক

রাকিবুর রহমান, চট্টগ্রাম
প্রকাশিত: ১৫:৩০, ৪ জানুয়ারি ২০২৫
১৩৬ প্রজাতির ফুলে সেজেছে চট্টগ্রাম ডিসি পার্ক
ছবি: ডেইলি বাংলাদেশ

ডালিয়া, চন্দ্রমল্লিকা, ম্যাগনোলিয়া, শিউলি, হাসনাহেনা, অপরাজিতা, চেরি, জাকারান্ডা, উইলো, টিউলিপ, উইস্টেরিয়াসহ দেশি-বিদেশি ১৩৬ প্রজাতির ফুলে সেজেছে চট্টগ্রামের ডিসি পার্ক।

শহরের অদূরে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট সাগর উপকূলীয় এলাকায় ১৯৪ একর সরকারি জমিতে জেলা প্রশাসনের উদ্যোগে গড়ে উঠা পার্কটিতে তৃতীয়বারের মতো ফুল উৎসব শুরু হয়েছে শনিবার (৪ ডিসেম্বর)। যা চলবে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

ফুল উৎসবে মেতেছে শিক্ষার্থীরাশনিবার সকালে এ ফুল উৎসবের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। এতে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ মোখলেস উর রহমান ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন। এছাড়াও চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

মাসব্যাপী এ ফুল উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সাংস্কৃতিক উৎসব, বই উৎসব, ভিআর গেইম, ভায়োলিন শো, পুতুল নাচ, ১৩৬ প্রজাতির ফুলের সমারোহ, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল (২৪-২৫ জানুয়ারি), ঘুড়ি উৎসব (৩১ জানুয়ারি), পিঠা উৎসব (১৭-২৩ জানুয়ারি), লেজার লাইট শো (১০-১১ জানুয়ারি) ও মুভি শো (১-২ ফেব্রুয়ারি)।

রঙ-বেরঙের ফুলে সেজেছে ডিসি পার্কআরো থাকছে ছবি তোলার জন্য সেলফি কর্নার, ফুডকোর্ট, পর্যটকদের বসার স্থান, ভাসমান ফুল বাগান, হাঁটা চলার উন্মুক্ত স্থান, বিশাল আয়তনের তিনটি পুকুর, অস্থায়ী খেলার মাঠ, শিশুদের খেলার মাঠ, ভিআইপি জোন, কন্ট্রোল রুম, রেস্টুরেন্ট, ফুড কর্নার, সানসেট ভিউ পয়েন্ট, টিউলিপ গার্ডেন, জুলাই–আগস্ট অভ্যুত্থান কর্নার, পাবলিক টয়লেট ইত্যাদি।

ফুল উৎসব চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে পার্ক। বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিদিন হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি ৫০ টাকা।

ডিসি পার্ক২০২৩ সালের ৯ থেকে ১৮ ফেব্রুয়ারি ১০ দিনব্যাপী প্রথম ফুল উৎসবের আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। সে সময় ১২২ প্রজাতির ফুলের চমকপ্রদ প্রদর্শনীর মাধ্যমে উদযাপন করা হয়েছিল ফুল উৎসব। যা ব্যাপক সাড়া ফেলেছিল চট্টগ্রামজুড়ে। এরপর থেকে প্রতিবছর এখানে ফুল উৎসবের আয়োজন করার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।

২০২৪ সালে দ্বিতীয়বারের মতো হওয়া ফুল উৎসবে প্রায় ১০ লাখ দর্শনার্থীর সমাগম ঘটেছিল। এবার সেই সংখ্যা ১২ লাখ ছাড়াবে বলে আশা জেলা প্রশাসনের।

রঙ-বেরঙের ফুলজেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন বলেন, প্রকৃতির বর্ণ, গন্ধ ও ছন্দের অনুপ্রেরণায় চট্টগ্রাম জেলা প্রশাসন তৃতীয়বারের মতো ফুল উৎসবের আয়োজন করেছে। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ আধার ডিসি পার্কে ১৩৬ প্রজাতির ফুলের সমারোহ ও বিভিন্ন আর্কষণীয় অনুষ্ঠান নিয়ে থাকছে আমাদের মাসব্যাপী এ আয়োজন। এবার অন্তত ১২ লাখ দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!