বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রতন মিয়া কসবা পৌরসভার আড়াইবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
অভিযুক্তরা হলেন- নিহতের ভাই রেজাউল মিয়ার ছেলে রিফাত মিয়া (৩২), সিফাত মিয়া (২৪) এবং তাদের খালাতো ভাই উপজেলার গোপীনাথপুর গ্রামের সামির মিয়া (১৮)। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
.png)
নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে রতন মিয়ার সঙ্গে তার ভাই রেজাউল ও ভাতিজাদের জমি নিয়ে মামলা চলছিল। ওই বিরোধের জেরেই বুধবার সকাল থেকেই প্রতিপক্ষের রিফাত, সিফাত ও তার পরিবারের লোকজন রতন মিয়ার নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। একপর্যায়ে বিকেলে রতন মিয়া বাড়ির পাশের বিলের জমিতে কাজ করার সময় রিফাত, সিফাত ও সামির হঠাৎ করে রতন মিয়ার ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে খবর পেয়ে পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার শারীরিক অবস্থা অবনতি হলে চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেলে রেফার করেন। সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কসবা থানার ওসি নাজনীন সুলতানা বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হয়েছে। এর মধ্যে মামলার আসামি রেজাউল মিয়া ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।